Supreme Court: ‘দাগি’ না হলেও বয়সে ছাড় নয়! এসএসসি-তে চাকরিহারাদের নিয়োগে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ

দেশ

নিউজ পোল ব্যুরো: এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারাদের বয়সের ছাড় সংক্রান্ত কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court) । সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে. বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চে। শুনানির শুরুতেই শীর্ষ আদালত স্পষ্ট করে দেয়, যোগ্য হলেও যাঁরা আগের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাননি, তাঁদের সকলকে বয়সের ছাড় দিতে হবে এমন কোনও নির্দেশ আদালত আগে কখনও দেয়নি। এই প্রেক্ষিতেই হাই কোর্টের রায় কার্যকর রাখার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, মামলার সব পক্ষকে নোটিস জারি করেছে শীর্ষ আদালত। পরবর্তী শুনানি হবে আগামী মার্চ মাসে।

আরও পড়ুন: Spain: সিনেমার দৃশ্যকেও হার মানাল বিভীষিকা! স্পেনে দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ২১

প্রসঙ্গত, ২০১৬ সালে রাজ্যে শিক্ষক ও অশিক্ষক নিয়োগে ব্যাপক প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই মামলায় সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করে দেয়। এর জেরে একযোগে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি হারান। পরে শীর্ষ আদালতের নির্দেশে বাতিল হওয়া শূন্যপদে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হয় এবং স্কুল সার্ভিস কমিশন নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষা নিয়ে নিয়োগের উদ্যোগ করে। তবে এই নতুন নিয়োগ প্রক্রিয়াও নানা আইনি জটিলতায় জড়িয়ে পড়ে।

যাঁরা দুর্নীতিতে যুক্ত নন অর্থাৎ তথাকথিত ‘দাগি’ নন, কিন্তু ২০১৬ সালের নিয়োগে সুযোগ পাননি, তাঁরা বয়সের ছাড় চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। হাই কোর্ট নির্দেশ দেয়, ওই সমস্ত চাকরিপ্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে বয়সের ছাড় দিতে হবে। আদালতের যুক্তি ছিল, ‘দাগি’ প্রার্থীদের আলাদা কোনও তালিকা না থাকায় ধরে নিতে হবে যে কেবল দাগিরাই বাদ যাবেন, বাকিরা ছাড় পাওয়ার যোগ্য।

এই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের হয়। সোমবার শুনানির সময় এসএসসি-র তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে এবং খুব শীঘ্রই যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। অন্যদিকে মামলাকারীদের আইনজীবীরা হাই কোর্টের রায় ও সুপ্রিম কোর্টের পূর্ববর্তী সিদ্ধান্ত তুলে ধরে বঞ্চিত প্রার্থীদের বয়সের ছাড় দেওয়ার পক্ষে সওয়াল করেন।

তবে বিচারপতি সঞ্জয় কুমার স্পষ্ট মন্তব্য করেন, আদালত কখনও বলেনি যে যোগ্য হলেও সুযোগ না পাওয়া সকল প্রার্থীকে বয়সের ছাড় দিতে হবে। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি করা হয়। শুনানির সময় নির্দেশের পরও যুক্তি পেশ করতে থাকায় আইনজীবী ফিরদৌস শামিমকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট (Supreme Court) এবং আদালতের শৃঙ্খলা বজায় রাখার কড়া বার্তা দেয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole