Partha Chatterjee: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় অবশেষে জেলমুক্ত, রাজনীতিতে নতুন মোড়

breakingnews রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) দীর্ঘ সাড়ে তিন বছর পর অবশেষে প্রাক্তন রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মুক্তির পথে অগ্রগতি ঘটল। সোমবার বিশেষ সিবিআই (CBI) আদালত আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার পরই পার্থের জামিন মঞ্জুর করা হয়। আদালত জামিনের জন্য ৯০ হাজার টাকা জামানত হিসেবে জমা দেওয়ার নির্দেশ দেয়, যা ইতিমধ্যেই জমা পড়েছে। রিলিজ অর্ডার আলিপুরের সিজেএম আদালতে পৌঁছানোর পর তা প্রেসিডেন্সি জেলে কার্যকর হবে, এবং এরপর পার্থকে ঘরে ফেরার সুযোগ মিলবে।

আরও পড়ুন: Richa Ghosh Stadium : রিচার নামে শিলিগুড়িতে নতুন স্টেডিয়াম, ঘোষণা মুখ্যামন্ত্রীর

২০২২ সালের ২২ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেপ্তার করা হয়েছিল। তার পর থেকেই ইডি (ED) ও সিবিআই (CBI) মিলে একাধিক তদন্ত পরিচালনা করে আসছিল। এদিন পর্যন্ত একাধিক মামলায় তিনি জামিন পাননি, যার ফলে দীর্ঘ সময় জেলেই কাটিয়েছেন। সেপ্টেম্বর মাসে কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) থেকে তিনি জামিন পেলেও সমস্ত মামলার অনুমোদন না আসায় মুক্তি সম্ভব হয়নি। পরে পার্থের পক্ষ সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করলে আদালত নির্দেশ দেয় যে, সিবিআই যে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করবে, তার পরেই তিনি মুক্তি পেতে পারেন।

আজ সেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বিশেষ সিবিআই আদালতের সূত্রে খবর, আদালতে আটজন গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। ফলে আর পার্থের জামিনে কোনো বাধা রইল না। এদিন বিকেলে আদালত প্রাক্তন শিক্ষামন্ত্রীর (Partha Chatterjee) জামিন মঞ্জুর করে, এবং একই সঙ্গে মুক্তি পাচ্ছেন এসএসসির (SSC) প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও।

পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘ বিতর্কিত সময় জেল ও আদালতের দ্বারস্থ থাকার মধ্য দিয়ে কেটেছে। ২০২২ সালে দক্ষিণ কলকাতার নাকতলার বাড়ি এবং বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা দিয়ে ইডি বিপুল পরিমাণ নগদ ও সম্পত্তির হদিশ পায়। এ ঘটনায় অর্পিতাকেও গ্রেপ্তার করা হয়েছিল। রাজনৈতিক মহলের মতে, পার্থের জেলমুক্তি শুধু ব্যক্তিগত নয়, রাজ্যের রাজনৈতিক চিত্রকেও প্রভাবিত করবে। আগামী ১৯, ২২ ও ২৩ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও, জেলমুক্তির পথে পার্থের এই অগ্রগতি রাজনৈতিক মহলে সরাসরি প্রভাব ফেলবে। দীর্ঘ বিতর্ক ও তদন্তের পর এই ঘটনা পার্থের রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole