নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (WB HS Result 2026) পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এগজ়ামিনেশন (West Bengal Council of Higher Secondary Education।) আগামী ১৪ মে, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে এই বছরের ফলাফল। বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে শিক্ষা সংসদের তরফে। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন সকাল সাড়ে ১০টায় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করা হবে। এরপর সকাল ১১টা থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন। এর ফলে পরীক্ষার্থীদের আর দীর্ঘ অপেক্ষা করতে হবে না, সহজেই ঘরে বসেই ফল জানা সম্ভব হবে।
আরও পড়ুন: Election Commission : ভোটকর্মীদের খাবারে কড়া নজর! মেনু থেকে দামের তালিকা বেঁধে দিল নির্বাচন কমিশন
২০২৬ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB HS Result 2026) অনুষ্ঠিত হয়েছিল ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা শেষ হওয়ায় দ্রুততার সঙ্গে খাতা মূল্যায়নের কাজ শুরু করা হয়। এর আগে শিক্ষা সংসদের সভাপতি ড. পার্থ কর্মকার জানিয়েছিলেন, নির্ভুলতা বজায় রেখে দ্রুত ফল প্রকাশের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। এর মধ্যে রয়েছে সরকারি ওয়েবসাইট result.wb.gov.in, wbresults.nic.in এবং www.results.shiksha। এই ওয়েবসাইটগুলিতে নির্দিষ্ট লিঙ্কে গিয়ে পরীক্ষার্থীদের নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করালেই ফলাফল স্ক্রিনে ভেসে উঠবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অনলাইনে ফল দেখার পাশাপাশি, পরবর্তীতে সংশ্লিষ্ট স্কুল থেকে পরীক্ষার্থীরা তাদের মূল মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা খুব শীঘ্রই শিক্ষা সংসদের তরফে প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, প্রতি বছরের মতো এবারও মাধ্যমিক (Madhyamik Result 2026) পরীক্ষার ফল প্রকাশের পরেই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হচ্ছে। চলতি বছর মাধ্যমিকের ফল প্রকাশিত হবে ৮ মে, তার ঠিক এক সপ্তাহের মধ্যেই প্রকাশ পাবে উচ্চ মাধ্যমিকের ফল। ফলে পরীক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে (WB HS Result 2026)।
