Ramakrishna Mission Vidyamandira: বেলুড় বিদ্যামন্দিরে PhD—কোন কোন বিষয়ে আবেদন করবেন?

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, আবারও উচ্চশিক্ষার দরজা খুলে দিল গবেষণামুখী পড়ুয়াদের জন্য। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে বিদ্যামন্দির থেকে তিনটি বিষয়ে পিএইচডি (PhD) করার সুযোগ মিলবে। বিজ্ঞানচর্চা, গবেষণা এবং নবতর আবিষ্কারের প্রতি উৎসাহী শিক্ষার্থীদের জন্য এটি এক বিরল সুযোগ।

আরও পড়ুন:Android Phone: চার্জিংয়ে ফোন ব্যবহার করেন? সাবধান! প্রসেসর–ব্যাটারি দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে

প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বছর Applied Chemistry, Mathematics এবং Computer Science—এই তিনটি বিভাগে পিএইচডি প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। প্রতিটি বিভাগে দু’টি করে গবেষক নিয়োগ করা হবে, অর্থাৎ মোট আসনসংখ্যা মাত্র ছয়। পড়ুয়ারা গবেষণার ক্ষেত্রে নানা অত্যাধুনিক বিষয় বেছে নিতে পারবেন—যেমন General Relativity and Quantal Cosmology, Astrophysics, Photonics, Optoelectronics, AI and ML, Materials Science, এবং Analytical Chemistry। আধুনিক বিজ্ঞান শিক্ষার প্রায় সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রই এই সুযোগের মধ্যে অন্তর্ভুক্ত। আবেদনের নিয়মও স্পষ্টভাবে জানানো হয়েছে। আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর অর্জন করতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী নম্বরের ছাড় পাওয়া যাবে। ভর্তি প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা—এই দুটি ধাপ রয়েছে। লিখিত পরীক্ষা হবে MCQ ভিত্তিক প্রশ্নে। তবে যারা UGC NET, SET, SLET, GATE-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ, অথবা জাতীয় স্তরের ফেলোশিপধারী, কিংবা MTech, MPharm, MD ডিগ্রিধারী—তারা সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাদের লিখিত পরীক্ষায় বসতে হবে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

আবেদনপত্র সংগ্রহের জন্য বিদ্যামন্দিরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করতে হবে। আবেদনমূল্য হিসাবে সাধারণ বিভাগের জন্য নির্ধারিত হয়েছে ২,০০০ টাকা, এবং সংরক্ষিত শ্রেণির জন্য ১,৮০০ টাকা। ফর্ম পূরণের পর প্রয়োজনীয় নথিসহ আবেদনপত্র সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী ৫ ডিসেম্বর। সময়সীমার আগে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। পিএইচডি ভর্তি ও গবেষণা সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিশিয়াল বিজ্ঞপ্তি এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে গবেষণার এই সুযোগ ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক এবং প্রযুক্তিবিদদের জন্য নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ।