নিউজ পোল ব্যুরো: ছত্তিশগড়ে (Chattisgarh) ফের বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর (Security forces)। ‘লাল সন্ত্রাস’-এর দমনে আর একধাপ এগোল দেশ। বিজাপুরের (Bijapur) গভীর জঙ্গলে মঙ্গলবার ভোরের অভিযানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ছ’জন মাওবাদীর (Maoist)। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শুরু হয় অভিযান, যা শেষমেশ মাওবাদীদের জন্য পরিণত হয় প্রাণঘাতী সংঘর্ষে।
সূত্রের খবর, মঙ্গলবার ভোররাতে বিজাপুরের (Chattisgarh) জঙ্গলে লুকিয়ে ছিল মাওবাদীদের এক সশস্ত্র দল। খবর পেয়ে সেখানে পৌঁছে যৌথ বাহিনী চারদিক ঘিরে ফেলে। পিছু হটার উপায় না দেখে মাওবাদীরা গুলি চালায় বাহিনীর দিকে। পালটা জবাব দেয় নিরাপত্তারক্ষীরাও। ঘণ্টাখানেক ধরে চলে তীব্র বন্দুকযুদ্ধ। অবশেষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয় জঙ্গির। পরে তল্লাশিতে উদ্ধার হয় একাধিক রাইফেল, গুলি ও বিস্ফোরক সামগ্রী।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন স্থানীয় মাও নেতা ছিল, যারা দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে সন্ত্রাসের নেপথ্যে ছিল। কারেগুট্টা পাহাড় ও আশপাশের এলাকায় তাদেরই দাপটে সাধারণ মানুষ ভয়ে দিন কাটাতেন। তবে সাম্প্রতিক কালে প্রশাসনের টানা অভিযান মাওবাদীদের শক্ত ঘাঁটিকে নড়বড়ে করে দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আগেই ঘোষণা করেছিলেন ২০২৬ সালের মার্চের মধ্যেই মাওবাদমুক্ত ভারত গড়ার লক্ষ্য। সেই বার্তাকে সামনে রেখেই ছত্তিশগড় (Chattisgarh), ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র সীমান্তে একের পর এক অভিযান চলছে। এপ্রিল মাসে শুরু হওয়া বিশেষ অভিযানে ইতিমধ্যেই ৩১ জনের বেশি মাওবাদীকে খতম করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে খবর, বর্তমানে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তের কারেগুট্টা পাহাড়ি অঞ্চলই মাওবাদীদের শেষ কয়েকটি শক্ত ঘাঁটির অন্যতম। এই এলাকা থেকে মাওবাদীদের শিকড় উপড়ে ফেলতে মোতায়েন করা হয়েছে প্রায় তিন হাজার আধাসেনা। যৌথ বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বিশ হাজারেরও বেশি।
এই অভিযানের মধ্যেই সম্প্রতি খতম হয়েছে মাওবাদীদের শীর্ষ নেতা বাসবরাজু, যার মাথার দাম ছিল দেড় কোটি টাকা। ধারাবাহিক এই সাফল্যে প্রশাসন যেমন আত্মবিশ্বাসী, তেমনি স্বস্তিতে সাধারণ মানুষও। পাহাড়-জঙ্গলের অন্ধকার গহ্বর থেকে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে ‘লাল সন্ত্রাস’-এর ছায়া এক নতুন শান্তির সকাল যেন ফুটে উঠছে ছত্তিশগড়ের বুকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
