নিউজ পোল ব্যুরো: আবারও মুখোশ খুলল পাকিস্তানের (Pakistan) ভণ্ড রাজনীতি! ইসলামাবাদে (Islamabad) ভয়াবহ বিস্ফোরণের পর যখন গোটা দেশ শোকে স্তব্ধ, তখনও ভারতবিরোধী প্রচারে ব্যস্ত শাহবাজ শরিফ (Shahbaz Sharif) সরকার। মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের একটি আদালত চত্বরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি আচমকাই আগুনে জ্বলে ওঠে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের, আহত বহু। কিন্তু এই ভয়াবহ ঘটনায় নিজেদের ব্যর্থতা ঢাকতেই ভারতকেই কাঠগড়ায় তুললেন পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আরও পড়ুন: Chattisgarh: ছত্তিশগড়ে বড়সড় সাফল্য! নিরাপত্তা বাহিনীর গুলিতে নিধন ছয় মাওবাদী
পাকিস্তানি (Pakistan) প্রশাসনের দাবি, ভারতের মদদপুষ্ট জঙ্গিরাই এই হামলার পিছনে রয়েছে। শাহবাজের অভিযোগ, “ভারতের প্ররোচনায় পরিচালিত জঙ্গি গোষ্ঠীগুলিই পাকিস্তানকে অশান্ত করতে মরিয়া।” শুধু তাই নয়, তিনি আরও এক ধাপ এগিয়ে আফগানিস্তান থেকে পরিচালিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-কেও “ভারতের হাতের পুতুল” বলে কটাক্ষ করেছেন। তার বক্তব্য, “যারা ইসলামাবাদে রক্ত ঝরিয়েছে, তারাই ওয়ানায় নিরীহ শিশুদের হত্যা করেছে।”
কিন্তু এই অভিযোগে পাকিস্তানের (Pakistan) রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে এসেছে ইসলামাবাদ। বিশ্বের কাছে বহুবার প্রমাণিত তালিবান, লস্কর, জইশ কিংবা হাফিজ সইদের মতো জঙ্গিদের নিরাপদ আশ্রয় পাকিস্তানই দিয়েছে। আজ যখন সেই দানব নিজের দেশকেই গ্রাস করছে, তখন দায়ভার চাপানো হচ্ছে ভারতের ঘাড়ে। বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ অশান্তি, অর্থনৈতিক ধস এবং আন্তর্জাতিক চাপ থেকে মনোযোগ সরাতেই এই কৌশল নিচ্ছে শাহবাজ সরকার।
ভারতের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া না গেলেও কূটনৈতিক মহল বলছে, ইসলামাবাদের এই মন্তব্য আসলে “দায় এড়ানোর রাজনৈতিক নাটক।” কারণ, গত কয়েক মাস ধরেই পাকিস্তানের মাটিতে ধারাবাহিকভাবে বাড়ছে জঙ্গি হামলা, আর প্রশাসন কার্যত অসহায়। ফলে প্রশ্ন উঠছে, নিজেদের গড়াপেটা সন্ত্রাসের আগুনে পুড়ছে পাকিস্তান, আর সেই আগুন নিভাতে না পেরে ভারতের দিকে দোষের তির ছুঁড়ে দিচ্ছে শাহবাজ সরকার। ইসলামাবাদের বিস্ফোরণ শুধু একটি দুঃখজনক দুর্ঘটনা নয়, পাকিস্তানের নীতির এক ভয়ংকর আত্মপ্রকাশ যেখানে সত্যকে গলা টিপে হত্যা করে টিকে থাকার নামই রাজনীতি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
