নিউজ পোল ব্যুরো: নির্বাচনে মৃত ব্যক্তির নাম যেন আর কোনও ভাবেই ভোটার তালিকায় না থাকে, তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission of India)। কমিশনের নির্দেশে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে মৃত নাগরিকদের আধার সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে আধার কর্তৃপক্ষ (UIDAI)। এই নির্দেশিকা অনুযায়ী মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেন আধার দফতরের আধিকারিক শুভদীপ চৌধুরী ।
আরও পড়ুন:Mohun Bagan: রিচা ঘোষকে সংবর্ধিত করবে মোহনবাগান
বৈঠকের পর শুভদীপ জানান, পশ্চিমবঙ্গে প্রায় ৩৩ থেকে ৩৪ লক্ষ মৃত ব্যক্তির আধার নম্বর নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, আরও প্রায় ১৩ লক্ষ জীবিত নাগরিক আছেন যাঁদের এখনও আধার কার্ড নেই । কমিশন সূত্রে জানা গিয়েছে, এই তথ্য বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া ( SIR) চলাকালীন খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে বিশেষ ভূমিকা নেবে। যদি দেখা যায়, কোনও মৃত ব্যক্তির নামে এনুমারেশন ফর্ম জমা হয়েছে, তবে সেই ফর্ম যিনি জমা দিয়েছেন তাঁকে ডেকে পাঠানো হবে। তাঁর বক্তব্য শুনবেন সংশ্লিষ্ট এলাকার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO)। প্রয়োজনে সেই এলাকার বুথ লেভেল অফিসারকেও (BLO) ডাকা হতে পারে। কমিশনের মতে, ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম সম্পূর্ণভাবে বাদ দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে এনুমারেশন ফর্ম বিতরণের কাজ। গত ৪ নভেম্বর থেকে রাজ্যের সমস্ত ব্লক ও ওয়ার্ডে বুথ স্তরের আধিকারিকেরা (BLOs) বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন। বুধবার ছিল সেই প্রক্রিয়ার নবম দিন। ভোটারদের বলা হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকা দেখে সেই অনুযায়ী নিজেদের ফর্ম পূরণ করতে হবে। এর পর পূরণ করা ফর্ম সংগ্রহ করে নির্দিষ্ট অ্যাপের (Election Commission App) মাধ্যমে তথ্য আপলোড করছেন বুথ স্তরের আধিকারিকেরা। কমিশনের আশা, এই ডিজিটাল যাচাই ও আধার সংযুক্ত তথ্য ব্যবস্থার মাধ্যমে ভোটার তালিকা আরও নির্ভুল হবে এবং মৃত নাগরিকদের নামে ভোটদানের কোনও সুযোগ থাকবে না।
