নিউজ পোল ব্যুরো: কলকাতার এজরা স্ট্রিটে(Ezra Street) অবস্থিত একটি বহুতলে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ঘটনার স্থান পরিদর্শন করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) এবং দমকল মন্ত্রী সুজিত বসু। এদিনের পরিদর্শনে ফের প্রশ্ন উঠেছে ওই বহুতলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। মেয়র জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে আগামী সপ্তাহে একটি বৈঠক হবে, যেখানে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ অংশ নেবেন।
মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) বলেছেন, “ওই বহুতলে বহু বৈদ্যুতিন তার অগোছালোভাবে বিছানো রয়েছে। আমি CESC, দমকল, ব্যবসায়ী সমিতি, পুরসভা এবং পুলিশকে নিয়ে বৈঠক করব, যাতে বড়বাজারে ব্যবসা ঠিকভাবে চলতে পারে এবং দমকলকে কোনো অসুবিধা না হয়।” তিনি আরও যোগ করেছেন, “বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বড়-বাড়িতে কী করছে তা জানা যায় না। একশো বছরের পুরনো এই বহুতলে কতটা আইনি বা বেআইনি নির্মাণ হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। বিল্ডিং বিভাগের পরিদর্শনের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।” স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠকের অভিযোগ, “এজরা স্ট্রিটের(Ezra Street) এই ঘিঞ্জি এলাকায় কমপক্ষে ২২বার আগুন লেগেছে। বহুবার দমকল ও পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ হয়নি।” মেয়র অবশ্য এই অভিযোগ কিছুটা উড়িয়ে দিয়েছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অগ্নিকাণ্ডে বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। মেয়র জানান, ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। তার ভিত্তিতে রাজ্য সরকার প্রয়োজনমতো আর্থিক সহায়তা দিতে পারে। দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, “আগুনের প্রকৃত কারণ ফরেনসিক তদন্তের পরেই জানা যাবে। ব্যবসায়ীদের আমার পরামর্শ, ব্যবসা চালিয়ে যান এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক রাখুন, রাজ্য সরকার সবরকম সহযোগিতা করবে।” কলকাতায় সাম্প্রতিক সময়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় সচেতনতা বাড়াতে ফায়ার অডিট বিশেষ নজরদারিতে রয়েছে। তবে এ ধরনের ঘিঞ্জি ও প্রাচীন বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিকভাবেই নতুন করে নিরাপত্তা প্রশ্ন তুলেছে।
