নিউজ পোল ব্যুরো: হুগলির খানাকুলে আবারও প্রশাসনিক দফতরের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি। আলিপুরদুয়ারের ঘটনার পর ফের এক বিজেপি জনপ্রতিনিধির বিরুদ্ধে সরকারি আধিকারিককে শাসানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে এবার খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। তাঁর দলবল নিয়ে বিডিওর ঘরে ঢুকে উচ্চস্বরে ধমকানি, টেবিল চাপড়ানো এবং হুমকির ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক ঝড়।
আরও পড়ুন: OTP Fraud : SIR ফর্মের নামে OTP জালিয়াতি! নির্বাচন কমিশন ও পুলিশ আগেভাগে সতর্ক করল জনগণকে
ঘটনার সূচনা স্থানীয় এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করা বিরোধ থেকে। বিজেপির দাবি, গাছ কাটার অনুমতি ও প্রশাসনিক পদক্ষেপের ক্ষেত্রে বিডিও প্রকাশ্যেই তৃণমূলের পক্ষপাতিত্ব করেছেন। এ নিয়ে বহুবার অভিযোগ জানিয়েও নাকি কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাই বিষয়টি পরিষ্কার করতে বিধায়ক নিজেই দলবল নিয়ে বিডিওর দফতরে যান। কথোপকথন দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওতে দেখা যায়, সুশান্ত ঘোষ টেবিল চাপড়ে উচ্চস্বরে বিডিওকে প্রশ্ন করছেন, যা নিয়ে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল—সকলের মধ্যেই তীব্র সমালোচনা শুরু হয়েছে।
তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি যখন ক্ষমতার ধারে কাছে নেই তখনই এই ধরনের ‘দাদাগিরি’ করছে। তাদের প্রশ্ন, এখনই যদি আধিকারিকদের সঙ্গে এমন ব্যবহার হয়, তাহলে ক্ষমতায় গেলে পরিস্থিতি কেমন দাঁড়াবে? এর পাল্টা সুরে বিজেপির বক্তব্য, একজন জনপ্রতিনিধি হিসেবে জনমানুষের সমস্যা জানাতে গেলে যাঁদের কাছে অভিযোগ পৌঁছনো উচিত, বাস্তবে সেই আধিকারিকরাই যদি পক্ষপাতদুষ্ট আচরণ করেন, তবে জনগণের স্বার্থ রক্ষার লড়াই করতেই হয়। বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। অন্যদিকে প্রশাসনের তরফে ঘটনার তদন্ত নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই আলিপুরদুয়ারে ত্রাণবিতরণ নিয়ে মাদারিহাটের বিডিওর সঙ্গে বিজেপি সাংসদ মনোজ টিগ্গার বচসায় জড়িয়ে পড়ার ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে একইভাবে টেবিল চাপড়ে, আঙুল তুলে বিডিওকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই খানাকুলের ঘটনা রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম নিল।
