নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার ফেডারেশনের (AIFF) বৈঠকে ছিল না কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান (Mohun Bagan)। আইএসএলের (ISL) অনিশ্চয়তার জন্য ক্লাবগুলোর সঙ্গে ঘটা করে বৈঠকের ডাক দিয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু তাতে কী হল? মিলল না কোনও সুরাহা। সুপ্রিম কোর্টের রায়ের ওপর ঝুলে রইল সিদ্ধান্ত।

ফেডারেশনের ডাক সত্ত্বেও বৈঠকে যোগ দেয়নি মোহনবাগান, ইস্টবেঙ্গল। জানা গিয়েছে, বহু ক্লাব আগেই ফেডারেশনকে জানিয়েছিল যে বর্তমান পরিস্থিতিতে সরাসরি বৈঠকে হাজির থাকা তাদের পক্ষে সম্ভব নয়। অনলাইন যোগদানের ব্যবস্থার অনুরোধও জানানো হয়েছিল।
আরও পড়ুন:India vs Bangladesh : বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার হার ভারতের। ব্যর্থ ভারতের তারকা ফুটবলাররা
ফেডারেশন যদিও ভার্চুয়াল ব্যবস্থা করে, কিন্তু সময়মতো সেই তথ্য সব ক্লাবের কাছে পৌঁছয়নি। ফলত বেশ কয়েকটি দল বৈঠকেই অংশ নেয়নি। এ থেকেই স্পষ্ট, প্রস্তুতি ও যোগাযোগ দুটিতেই ঘাটতি থাকছে ফেডারেশনের পক্ষ থেকে।
বৈঠকে আলোচনার পরিমাণ ছিল নিতান্তই সীমিত। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে (Kayan Chaubey) ক্লাবগুলিকে জানান, আইএসএলের স্বত্ব কেনার জন্য কোনও সংস্থা টেন্ডার জমা দেয়নি। এই তথ্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার মামলার শুনানি। আদালতের নির্দেশ ছাড়া কোনও পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই বলেই স্পষ্ট জানিয়ে দিলেন সভাপতি। অর্থাৎ, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ এখন বিচার বিভাগের হাতে।

এর আগের ভার্চুয়াল বৈঠকে হায়দরাবাদ, এফসি গোয়া-সহ কয়েকটি ক্লাব জানিয়েছিল ফেডারেশন যদি নিজের উদ্যোগে লিগ পরিচালনা করতে চায়, তবে সম্প্রচার ব্যয় বাবদ ১৫–২০ কোটি টাকা তারা তুলতে প্রস্তুত। মঙ্গলবারের বৈঠকেও একই প্রস্তাব আবার শোনা গেল বেঙ্গালুরু এফসির পক্ষ থেকে। তারা জানায়, প্রয়োজনে ক্লাবগুলি মিলেই লিগ পরিচালনার ব্যয় বহন করতে রাজি। তবুও সভাপতি কল্যাণ চৌবে স্পষ্ট করে দেন, আদালতীয় প্রক্রিয়া শেষ না-হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনোর প্রশ্নই ওঠে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
আইএসএলের ভবিষ্যৎ, ফেডারেশনের প্রশাসনিক ক্ষমতা, বাণিজ্যিক স্বত্ব সব মিলিয়ে এক জটিল অবস্থার মুখে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল। ক্লাবগুলির স্পষ্ট মতামত রয়েছে, আর্থিক সহযোগিতার প্রস্তুতিও আছে। তবুও সিদ্ধান্ত আটকে আছে আদালতের নির্দেশে। এখন সকলের নজর বৃহস্পতিবারের দিকে। দেশের সর্বোচ্চ আদালত কী জানাবে? আদৌ কি তাতে কোনও সুরাহা হবে?
