Narendra Modi Bengal visit:ডিসেম্বরেই ফের বাংলায় মোদী! অধিবেশন বিরতিতেই শুরু হতে পারে ভোটমুখী জনসভা অভিযান!

রাজনীতি রাজ্য

লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই পশ্চিমবঙ্গে কার্যত প্রচারের মাঠে নামতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Bengal visit)। বিজেপি সূত্রের খবর, ডিসেম্বর থেকেই বাংলায় শুরু হতে পারে তাঁর ভোটমুখী জনসভা। ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন। সেই সময়ের মধ্যেই কোনও শনিবার বা রবিবার মোদীর রাজ্য সফর চূড়ান্ত হওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনায় বিজেপি শিবির। যদিও সরকারিভাবে এখনও কোনও ঘোষণা হয়নি।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/11/23/sheikh-hasina-extradition-bangladesh-letter-to-india/

রাজ্য বিজেপির একাংশ মনে করছে, নতুন সভা-পর্ব শুরু হতে পারে নদিয়ার রানাঘাট বা তার আশপাশ থেকেই। কারণ গত মে থেকে অগস্টের মধ্যে মোদীর (Narendra Modi Bengal visit) আলিপুরদুয়ার, দুর্গাপুর ও দমদমের তিনটি সভার পর পরবর্তী কেন্দ্র হিসেবে রানাঘাটই নির্ধারিত হয়েছিল, যা পরে স্থগিত হয়। তাই ফের সেই অঞ্চল থেকেই শুরু করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের দাবি, ডিসেম্বর থেকে ভোট-পর্ব শেষ হওয়া পর্যন্ত বাংলায় মোদী মোট ১৪-১৫টি জনসভা করতে পারেন। এ ক্ষেত্রে লক্ষ্য রাখা হবে এমন সব বিধানসভা এলাকা, যেখানে বিজেপি অল্প ব্যবধানে হেরেছিল বা যেখানে কর্মী-সমর্থকদের মনোবল বাড়ালে ফল ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুধুমাত্র জেতা কেন্দ্র নয়, বরং সম্ভাবনাময় অঞ্চলগুলোকেই বেশি গুরুত্ব দিতে চাইছে দল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এদিকে, শুধু বড় জনসভা নয়—ফিরে আসতে চলেছে রথযাত্রা কর্মসূচিও। খুব শিগগিরই দিল্লিতে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে রথযাত্রার দিনক্ষণ ও পরিকল্পনা চূড়ান্ত হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, নবদ্বীপ, কলকাতা এবং হাওড়া-হুগলি-মেদিনীপুর—এই পাঁচটি সাংগঠনিক অঞ্চল থেকেই রথযাত্রা শুরু হবে। প্রতিটি রথ হবে আধুনিক সুবিধাসম্পন্ন বিশেষ বাস, যা প্রচারে ব্যবহার করা হবে, এবং সূচনা অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।

২০২১ সালের ভোটের আগে যেমন পাঁচ অঞ্চল থেকেই রথ বেরিয়েছিল, একই মডেলই বজায় রাখতে চাইছে বিজেপি। যদিও রথযাত্রা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা সম্পন্ন হলেই অবস্থান স্পষ্ট করবে দল। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে বাংলায় বিজেপির এই কর্মসূচিগুলি রাজ্য-রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি করবে বলেই রাজনৈতিক মহলে জোর জল্পনা।