Skincare : ময়েশ্চারাইজার মাখলেও ত্বক রুক্ষ দেখাচ্ছে? ত্বক রক্ষা করতে রূপচর্চায় কোন কোন বদল জরুরি

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: শীত এলেই ত্বকের সবচেয়ে সাধারণ সমস্যা হল অতিরিক্ত শুষ্কতা। অনেকেই নিয়মিত ময়েশ্চারাইজার ও ক্রিম ব্যবহার করলেও কিছুক্ষণের মধ্যেই মুখ আবার রুক্ষ হয়ে যায়। বিশেষ করে যাঁরা সারাদিন এয়ারকন্ডিশন্ড পরিবেশে কাজ করেন, তাঁদের ত্বকে শুষ্কতা আরও বেশি দেখা দেয়। রূপটান বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার মূল কারণ গরমের সময় ব্যবহৃত প্রসাধনী শীতেও ব্যবহার করা। মরসুমের সঙ্গে ত্বকের আচরণ বদলায়, তাই সেই অনুযায়ী রূপচর্চাতেও (Skincare) পরিবর্তন আনা প্রয়োজন।

আরও পড়ুন: Winter Skincare: শীতে ম্লান ত্বক? তিন প্রাকৃতিক উপাদানেই মিলবে সমাধান

শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। ফলে ত্বক স্বাভাবিক তেল হারিয়ে ফেলে এবং দ্রুত রুক্ষ হয়ে ওঠে। অন্যদিকে গ্রীষ্মকালে অতিরিক্ত ঘাম ও তেল নির্গমনের ফলে মুখ চটচটে হয়। তাই শীতের শুরুতেই রূপচর্চার (Skincare) রুটিন বদলে ফেলা দরকার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সঠিক ক্লিনজার, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন বেছে নিলে সহজেই ত্বককে নরম, আর্দ্র ও সুস্থ রাখা যায়।

১। ফেসওয়াশ বদলান:
শীতের জন্য আলাদা ফেসওয়াশ ব্যবহার করা জরুরি। হাইড্রেটিং ফেসওয়াশ সবচেয়ে ভাল কাজ করে, কারণ এতে ফেনা কম হয় এবং কোনও কৃত্রিম সুগন্ধী থাকে না। এই ধরনের ক্লিনজার ত্বককে অতিরিক্ত শুকিয়ে দেয় না এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

২। মেকআপ তোলায় ব্যবহার করুন তেল বেসড ক্লিনজ়ার:
অনেকে সারা বছর মাইসেলার ওয়াটার ব্যবহার করেন, কিন্তু শীতে তা যথেষ্ট নয়। কাঠবাদাম বা নারকেল তেলযুক্ত অয়েল-বেসড ক্লিনজার রুক্ষ ত্বকের জন্য বেশি কার্যকর। এগুলি মেকআপ তুলতে সাহায্য করে এবং ত্বকে অতিরিক্ত আর্দ্রতা যোগায়।

৩। ময়েশ্চারাইজারে আনুন পরিবর্তন:
গরমে যে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করা হয়, শীতে তা তেমন কার্যকর নয়। শীতকালে ঘন টেক্সচারের ‘কোল্ড ক্রিম’ বা কোকো বাটার, শিয়া বাটার ও গ্লিসারিনযুক্ত ময়েশ্চারাইজার ত্বকে বেশি সুরক্ষা দেয়। এগুলি ত্বকের তৈলাক্ত ভাব বজায় রাখতে সাহায্য করে।

৪। নাইট স্কিনকেয়ার রুটিন:
ঘুমানোর আগে ত্বক পরিষ্কার করে টোনার ব্যবহার করুন। তার পরে ময়েশ্চারাইজার লাগান। প্রয়োজন অনুযায়ী সিরামও ব্যবহার করতে পারেন। রুক্ষতা, বলিরেখা বা কালচে ভাবের সমস্যা থাকলে হায়ালুরোনিক অ্যাসিড বা নিয়াসিনামাইড সিরাম খুবই উপকারী।

৫। সানস্ক্রিন ভুলবেন না:
শীতে অনেকে সানস্ক্রিন ব্যবহার করেন না। কিন্তু শীতের রোদেও ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই জেল বা ওয়াটার-বেসড সানস্ক্রিনের বদলে শীতে ব্যবহার করুন ক্রিম-বেসড সানস্ক্রিন। এতে ত্বক দ্রুত শুকিয়ে যাবে না।

সঠিক রূপচর্চার এই পরিবর্তনগুলি আপনার ত্বককে শীতের রুক্ষতা থেকে রক্ষা করবে এবং সারাদিন মুখকে নরম ও আর্দ্র রাখবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole