CM Mamata: বারাসত মর্গে চোখ ‘চুরি’ কাণ্ডে তোলপাড়, বিক্ষোভে আটকে মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের (Barasat Medical College and Hospital) মর্গে মৃতদেহ থেকে চোখ নিখোঁজ হওয়ার অভিযোগে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল এলাকা। ক্ষুব্ধ পরিবারের বিক্ষোভে আটকে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata) কনভয়। ঘটনার ভয়াবহতা উপলব্ধি করে মুখ্যমন্ত্রী (CM Mamata) নিজেই মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং একাধিক আশ্বাস দেন চাকরি, আর্থিক সহায়তা ও কঠোর তদন্ত।

আরও পড়ুন: Benjamin Netanyahu: গুরুত্বপূর্ণ সফর বাতিল! নেতানিয়াহুর ভারত সফর স্থগিত, প্রশ্ন উঠল দিল্লির সুরক্ষা ব্যবস্থা নিয়ে

মৃত যুবকের নাম প্রীতম ঘোষ, বয়স ৩৫। বারাসতের কাজীপাড়া নেতাজিনগরের বাসিন্দা প্রীতম স্থানীয় একটি দোকানে কাজ করতেন, পাশাপাশি সময় পেলে অনলাইন ডেলিভারির বাইকও চালাতেন। সোমবার ভোরে কাজীপাড়া রেলগেট সংলগ্ন যশোর রোডে একটি ছোট মালবাহী গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর জখম অবস্থায় পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। বারাসত মেডিক্যাল কলেজে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য দেহটি মর্গে পাঠানো হয়।

পরিবারের অভিযোগ, দুপুরে দেহ সৎকারের জন্য মর্গে এলে তারা দেখতে পান প্রীতমের চোখের উপর তুলসীপাতা দেওয়া রয়েছে। সন্দেহ হওয়ায় পাতা সরাতেই দেখা যায় এক চোখ নেই। এরপরই শুরু হয় তীব্র বিক্ষোভ। মৃতের আত্মীয়দের অভিযোগ, “হাসপাতাল বলছে ইঁদুর চোখ নিয়ে গেছে অথচ কোনও ক্ষতের চিহ্ন নেই। এটা স্পষ্ট অঙ্গ পাচার চক্রের কাজ।” অভিযোগ ঘিরে দ্রুতই চাঞ্চল্য ছড়ায়।

সেই সময়ই বনগাঁ থেকে ফেরা মুখ্যমন্ত্রীর (CM Mamata) কনভয় সেখানে পৌঁছয় এবং বিক্ষোভে আটকে যায়। পরিস্থিতি বুঝে মুখ্যমন্ত্রী নিজেই পরিবারের সদস্যদের ডেকে এনে কথা বলেন। তিনি বলেন, “এটা অত্যন্ত ভয়াবহ ও অমানবিক ঘটনা। আমি ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখা হবে। যদি কেউ এমন জঘন্য কাজ করে থাকে, কঠোরতম শাস্তি দেওয়া হবে।”

একই সঙ্গে মানবিক বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, মৃতের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। তিনি নির্দেশ দেন, পরিবারের ঠিকানা ও দস্তাবেজ সংগ্রহ করে দ্রুত নিয়োগপত্র পৌঁছে দিতে। মমতা বলেন, “মুখ্যমন্ত্রীর কোটায় বছরে দু’টি চাকরি থাকে। তার একটি এই পরিবার পাবে প্রথম বছর ১০ হাজার টাকা মাইনে, এরপর স্থায়ী নিয়োগ হবে। পাশাপাশি পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে।” এদিন ক্ষতবিক্ষত পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, “আপনারা ন্যায্য বিচার পাবেন। অপরাধী যে-ই হোক, রেহাই দেওয়া হবে না।” এরপর তিনি কলকাতার উদ্দেশে রওনা দেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole