নিউজ পোল ব্যুরো: ঝুলন গোস্বামী (Jhulan Goswami), মিতালী রাজের (Mitali Raj) পর এবার হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নামেও হবে স্ট্যান্ড। ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়েছে বিশ্বকাপ জয়ের পর থেকেই। ঝুলন গোস্বামী, মিতালী রাজের সঙ্গে একই সারিতে এবার ভারতের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন। মহারাজা যাদবিন্দ্র সিং স্টেডিয়ামে (মূলত মুল্লানপুরে) হরমনপ্রীতের নামে স্ট্যান্ড উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। হরমনপ্রীতকে সম্মানিত করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। সম্প্রতি ভারতীয় মহিলা দলের নেতৃত্বে তার প্রথম উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় নিশ্চিত করে হরমনপ্রীত দেশের মহিলা ক্রিকেটে এক মাইলফলক স্থাপন করেছেন।
আরও পড়ুন: Ranchi Oneday Match: রাঁচিতে রেকর্ডের হাতছানি রো-কো জুটির
এই স্বীকৃতি শুধু একটি স্ট্যান্ডের নামকরণ নয়, বরং ভারতের মহিলাদের ক্রিকেটে সবচেয়ে বড় সম্মান। তিনি এখন কপিল দেব, এমএস ধোনি (MS Dhoni) ও রোহিত শর্মার (Rohit Sharma) মতো বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনদের লিস্টে স্থান পেয়েছেন। তার নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে জয়লাভ করে, এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল জিতে পুরো দেশকে গর্বিত করেন।

শুক্রবার হরমনপ্রীত একটি অনুষ্ঠানে এই খবর নিজেই জানিয়েছেন। তিনি বলেন “পিসিএ থেকে আমার কাছে একটি চিঠি এসেছে, শীঘ্রই মুল্লানপুরে আমার নামে স্ট্যান্ড উন্মোচন হবে।” তিনি আরও বলেছেন, ‘‘ছোট থেকে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতাম। এত দিনে সেই স্বপ্নপূরণ হয়েছে। মহিলাদের ক্রিকেট দলে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জয় শাহকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের প্রচুর সাহায্য করেছেন উনি। প্রিমিয়ার লিগ শুরুও মহিলা ক্রিকেটারদের অনেক সাহায্য করেছে।’’ হরমনপ্রীত বলতে চেয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) মহিলাদের ক্রিকেটকে যথাযথ গুরুত্ব দেওয়ার জন্যই বিশ্বকাপ জয় সম্ভব হয়েছে। সে কারণে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (ICC) চেয়ারম্যান এবং বিসিসিআইয়ের প্রাক্তন সচিবের ভূমিকাকে কৃতিত্ব দিতে চেয়েছেন। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভাল ফলের ব্যাপারে আশাবাদী হরমনপ্রীত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
প্রসঙ্গত, কিছু দিন আগে বিশাখাপত্তনম ক্রিকেট স্টেডিয়ামের একটি স্ট্যান্ড মিতালি রাজের নামে করা হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে ঝুলন গোস্বামী স্ট্যান্ড। তাঁদের মতোই সম্মানিত হচে চলেছেন হরমনপ্রীত। উল্লেখ্য, শুক্রবারের অনুষ্ঠানে হরমনপ্রীতের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন দুই অধিনায়কও।
