Supreme Court: ‘ধর্মীয় পরিচয় নয়, যাচাইই মূল মানদণ্ড, নাগরিকত্ব ইস্যুতে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভারতের নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে ধর্মীয় পরিচয়কে নয়, বরং ব্যক্তিগত তথ্য ও আইনসম্মত নথির ভিত্তিতেই সিদ্ধান্ত হতে হবে এমনই সুস্পষ্ট বার্তা দিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সূর্য কান্ত (Surya Kant)। পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় রেজিস্ট্রি বা SIR-কে চ্যালেঞ্জ করে করা এক মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করেন তিনি। আদালত (Supreme Court) জানিয়ে দেয়, এই মামলাটিকে আলাদা করে না দেখে আগামী ৯ ডিসেম্বর নির্ধারিত মূল মামলার তালিকার সঙ্গেই বিবেচনা করা হবে।

আরও পড়ুন: Abhishek Banerjee: ডায়মন্ড হারবার ছেড়ে অন্য আসনে শুভেন্দু? জল্পনা উসকে সুকান্তকে খোঁচা অভিষেকের

মামলাটি করেছিলেন বাংলাদেশ থেকে আগত অমুসলিম নাগরিকদের একাংশ বিশেষ করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা যারা দাবি করেন, ২০১৪ সালের আগে ভারতে এলেও নাগরিকত্ব সংশোধনী আইন CAA তাদের সুরক্ষা দেয়নি। আবেদনকারীদের পক্ষের আইনজীবী করুণা নন্দীর বক্তব্য ছিল, বসুদেব মামলার রায়ে যে সুরক্ষা সিএএ-র আওতায় প্রদান করা হয়েছে, তা তাদের ক্লায়েন্টদের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। পাশাপাশি অন্তর্বর্তীকালীনভাবে তাদেরকে SIR তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধও করা হয়।

তবে শুনানির সময় প্রধান বিচারপতি স্পষ্ট জানান, কেবলমাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনও ব্যক্তিকে নাগরিকত্ব প্রদান করা যায় না। তার কথায়, নাগরিকত্ব পাওয়ার দাবিদার প্রত্যেকের পরিচয় ও নথিপত্র আলাদা ভাবে খতিয়ে দেখা জরুরি; জৈন, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য কোনও ধর্মের অনুসারী হওয়া মাত্রেই বিশেষ সুবিধা দেওয়া সম্ভব নয়। তাই এই মামলাটিকে কেন্দ্রীয় মামলার সঙ্গেই শুনানি করা হবে এবং ৯ ডিসেম্বর ওই দিনই তালিকাভুক্ত থাকবে।

এদিকে, একই সময়ে SIR–সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তও পরিবর্তিত হয়েছে। নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, রাজ্যে SIR-এর জন্য যে এনুমারেশন ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ ৪ ডিসেম্বর নির্ধারিত ছিল, তা বাড়িয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। সেইসঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখও পিছিয়ে দেওয়া হয় পূর্বনির্ধারিত ৯ ডিসেম্বরের বদলে এখন তা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর। একইভাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ৭ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে কমিশন। সুপ্রিম কোর্টের (Supreme Court) মন্তব্যের ফলে নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়ায় ধর্মীয় পরিচয়ের ভূমিকা নিয়ে যে বিতর্ক ছিল, তা আরও স্পষ্ট দিকনির্দেশনা পেল। এখন নজর থাকবে ৯ ডিসেম্বরের মূল শুনানির দিকে, যেখানে SIR ও CAA–সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ মামলা একসঙ্গে বিচারাধীন হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-  https://youtube.com/@thenewspole