নিউজ পোল ব্যুরো: জননীতি নির্ধারণ ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে এক নতুন উদ্যোগ নিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট মুম্বই (IIM Mumbai)। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, আগামী বছর থেকে শুরু হচ্ছে ‘পাবলিক পলিসি ম্যানেজমেন্ট’-এ এক বছরের পিজি ডিপ্লোমা কোর্স—যা সম্পূর্ণভাবেই অনলাইনে পড়ানো হবে। পেশাদারদের জন্য তৈরি এই বিশেষ পাঠক্রমের লক্ষ্য, প্রশাসন ও নীতি নির্ধারণে আরও যোগ্য মানবসম্পদ তৈরি করা।
আইআইএম মুম্বই (IIM Mumbai)-র তরফে জানানো হয়েছে, এই কোর্সটি চালু হচ্ছে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (DoPT)-এর সহযোগিতায়। পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও শিক্ষাদানে অংশ নেবে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হবে ক্লাস। সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই কর্মরত পেশাদাররা এই কোর্সে আবেদন করতে পারবেন। যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রির পাশাপাশি ন্যূনতম ৫০ শতাংশ নম্বর এবং পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। পাঠক্রমে পাবলিক পলিসির সঙ্গে যুক্ত আধুনিক ও ব্যবহারিক বিষয়গুলো গুরুত্ব পাবে। যেমন—সঙ্কট মোকাবিলার কৌশল, উদ্ভাবনী চিন্তন, নেতৃত্বদানের দক্ষতা, টেকসই উন্নয়ন এবং সুস্থায়ী পরিকাঠামো নির্মাণের নীতিগত প্রয়োগ। বর্তমান সময়ে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যা অত্যন্ত প্রয়োজনীয়। আইআইএম মুম্বই (IIM Mumbai) জানিয়েছে, অভিজ্ঞ শিক্ষক ও নীতি-পরামর্শদাতারাই ক্লাস নেবেন, যা পেশাদারদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে একযোগে কাজ করবে।
ভর্তি প্রক্রিয়াও অত্যন্ত কাঠামোবদ্ধ। প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রবেশিকা পরীক্ষা (IIMA)-র মাধ্যমে নির্বাচিত হবেন অধিকাংশ আবেদনকারী। পাশাপাশি যারা গত পাঁচ বছরের মধ্যে CAT, GMAT বা GRE দিয়েছেন, তাঁদের স্কোর গৃহীত হবে। তবে ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্তভাবে যোগ্যতা যাচাই করা হবে। সম্পূর্ণ অনলাইন এই কোর্সের লক্ষ্য—সারা দেশ থেকে যোগ্য পেশাদারদের অংশগ্রহণ নিশ্চিত করা। সরকারি প্রশাসনে কর্মরত অফিসারদের সঙ্গে বেসরকারি ক্ষেত্রের দক্ষ কর্মীরাও সমানভাবে উপকৃত হবেন বলে ধারণা আইআইএম মুম্বই (IIM Mumbai)-র। আগ্রহীরা প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। নীতি নির্ধারণে ভবিষ্যতের নেতাদের গড়ে তুলতেই এই উদ্যোগ—জানিয়েছে আইআইএম মুম্বই (IIM Mumbai)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
