নিউজ পোল ব্যুরো: মাস কয়েক ধরেই জল্পনা চলছিল—অভিনেত্রী সমান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) কি সত্যিই দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন? অবশেষে সেই জল্পনাই সত্যি হল। সোমবার, ১ ডিসেম্বর সকালে কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে বলিউড পরিচালনা জুটির এক অর্ধেক রাজ নিদিমরুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন সমান্থা। দীর্ঘ মানসিক ধকল ও ব্যক্তিগত ঝড়ের পরে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সমান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)।
আরও পড়ুন:Udit Narayan: নিজস্ব গায়কির জাদুতে আজও সমান উজ্জ্বল উদিত নারায়ণ
২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তাঁর বিচ্ছেদের পর তিনি দীর্ঘসময় নিজেকে পুনর্গঠনের পথে হাঁটছিলেন। সেই সময়ে ক্রমশ নিজের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে শুরু করেন ইশা ফাউন্ডেশনে নিয়মিত যাতায়াতের মাধ্যমে। সেই ফাউন্ডেশন চত্বরেই অবস্থিত লিঙ্গ ভৈরবী মন্দিরে দ্বিতীয়বার বিয়ের পথ বেছে নেওয়া যেন তাঁর নতুন পথচলার প্রতীক। বিয়ের অনুষ্ঠান ছিল একেবারে ছিমছাম; মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথিকে নিয়ে সম্পন্ন হয় এই শুভ প্রথা।
প্রথমবার ২০১৭ সালে গোয়ায় এলাহি আয়োজনের মধ্যে দিয়ে নাগাকে বিয়ে করেছিলেন তিনি। সেই বিয়ের প্রতিটি অনুষ্ঠানে ছিল বৈভব ও রঙিন আবহ। কিন্তু এ বার পরিস্থিতিও বদলেছে, মানুষও পরিপক্ব হয়েছেন। তাই ব্যক্তিগত পরিসরেই সীমাবদ্ধ রাখলেন দ্বিতীয় বিয়ের আয়োজন। সমান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) এইবার সাজলেন লাল শাড়িতে—দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী সরল সৌন্দর্যের প্রতীক হিসেবে। রাজের পরনেও ছিল দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক। দু’জনের সাজপোশাকে যেমন ছিল সরলতার ছাপ, তেমনই ছিল পরিণত সম্পর্কের স্বাচ্ছন্দ্য।
গত বছর নাগের শোভিতা ধূলিপালার সঙ্গে বিয়ের পর থেকেই সমান্থা ও রাজের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়। কখনও তিরুপতি মন্দিরে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের, কখনও বিমানে রাজের কাঁধে মাথা রাখা সমান্থার ছবি ভাইরাল হয়েছে। সম্প্রতি রাজকে জড়িয়ে ধরা একটি ছবিও ভাগ করেছিলেন সমান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। যদিও বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তাঁরা কেউই, তবে অনুরাগীরা ধরে নিয়েছেন—এই বিয়ে তাঁদের সম্পর্কের স্বীকৃতি। নতুন জীবনের এই অধ্যায়ে ভক্তরা চাইছেন অভিনেত্রী সমান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) জন্য শুধু সুখ ও শান্তি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
