নিউজ পোল ব্যুরো: তিন বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দার্জিলিং পাহাড়ের অতুলনীয় স্বাদের ম্যান্ডারিন কমলালেবু (GI Tag) পেয়েছে ভৌগোলিক সূচক বা জিআই স্বীকৃতি। ২০২২ সালে এই ফলের জিআই ট্যাগ অর্জনের অভিযান শুরু হয়েছিল ‘দার্জিলিং অরেঞ্জ গ্রোয়ার্স প্রডিউসার অর্গানাইজেশন’-এর চেয়ারম্যান মনোজ সুব্বার উদ্যোগে। পরে কালিম্পংয়ের আঞ্চলিক কমলালেবু গবেষণা কেন্দ্রের (Kalimpong Orange Research Centre) প্রাক্তন অধ্যাপক তুলসী শরণ ঘিমিরে এই প্রচেষ্টার নেতৃত্ব নেন। দীর্ঘ গবেষণা ও পরীক্ষার নানা ধাপ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর, গত ২৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় জিআই স্বীকৃতি।
আরও পড়ুন: Mamata Banerjee: দ্রুত উন্নয়ন সম্পন্নে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক, SIR নিয়ে ডিএমদের বিশেষ বার্তা
এই সুখবর ছড়িয়ে পড়তেই পাহাড়ের চাষি থেকে ব্যবসায়ী সকলের মুখেই আনন্দের হাসি। মিরিক, মংপু, সিটং, বিজনবাড়ি ও সুখিয়াপোখরি এই সব অঞ্চলে বহু বছর ধরেই ম্যান্ডারিন কমলালেবুর চাষ চলে আসছে। তবে গত দেড় দশকে ভাইরাস আক্রমণ ও পোকামাকড়ের দাপটে নষ্ট হয়েছে বিপুল পরিমাণ ফলন। ২০১৬ সালে দার্জিলিং ও কালিম্পং মিলিয়ে যেখানে ১৫ হাজার মেট্রিক টনের মতো কমলালেবু উৎপাদন হয়েছিল, সেখানে বর্তমানে উৎপাদন কমে এসেছে উদ্বেগজনকভাবে। বিশেষত বিজনবাড়ি, সুখিয়াপোখরি ও মিরিক এলাকার বহু ঐতিহ্যবাহী বাগানই এখন প্রায় উধাও। আগে পাহাড়ের ৯৩০ হেক্টর জমিতে কমলালেবুর চাষ হত। বর্তমানে তা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ফলে বহু চাষি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবু এখনও প্রায় চার হাজার কৃষক এই চাষের সঙ্গে যুক্ত আছেন, এবং জিআই স্বীকৃতি তাঁদের কাছে নতুন আশার আলো। কারণ, এখন তাঁরা ‘Authorized User’ হিসেবে স্বীকৃতি পাবেন। এতে উৎপন্ন ফল বাজারে সঠিক মূল্য পাওয়ার সুযোগ বাড়বে, আন্তর্জাতিক বাজারেও চাহিদা বৃদ্ধি পাবে।

রাজ্যের মোট ১১টি কৃষি ও উদ্যানজাত পণ্য ইতিমধ্যেই জিআই মর্যাদা পেয়েছে—এর মধ্যে প্রথম ছিল দার্জিলিং চা (Darjeeling Tea), ২০০৫ সালে। এবার ম্যান্ডারিন কমলালেবুর জিআই স্বীকৃতি পাহাড়বাসীর গর্ব আরও বাড়াল। প্রাক্তন অধ্যাপক তুলসী শরণ ঘিমিরে জানিয়েছেন, সার্টিফিকেট খুব শিগগিরই এসে পৌঁছবে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “ম্যান্ডারিনের মতো পাহাড়ে উৎপাদিত আরও বহু পণ্য যেমন দারচিনি, আদা, ইসকাস পাল্ম, রাই শাক আগামী দিনে জিআই ট্যাগ পাবে বলে আমরা আশাবাদী।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
