নিউজ পোল ব্যুরো: গত কয়েকদিনের টানা নিম্নচাপজনিত ভারী বৃষ্টি ও হড়পা বানের জেরে ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়েছে উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলা। দার্জিলিং, মিরিক, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ধসে এবং জলোচ্ছ্বাসে ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। এই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পাহাড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “৭০ হাজার মানুষ বিপদে। এক পয়সাও দেয়নি কেন্দ্র।”
বিপর্যয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ জন। ধ্বংস হয়েছে ৮১টি রাস্তা ও ১১টি সেতু। ভুটান থেকে নেমে আসা জল পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। দার্জিলিংয়ে (Darjeeling) এখন চলছে ১৭টি ত্রাণ শিবির, যেখানে এখনও রয়েছেন ৭৫০ জন। ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে ১৩০০ মানুষকে। রান্না করা খাবার পাচ্ছেন অন্তত ৩০ হাজার দুর্গত। রাজ্য সরকার ব্যবস্থা করেছে পরিশ্রুত পানীয় জলেরও।
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছেন, সাতদিনের মধ্যে দুধিয়ায় একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হবে। রাজ্য নিজেই ব্রিজ ও রাস্তা তৈরি করবে। কৃষকদের ক্ষতিপূরণ বাবদ শস্যবিমার অর্থ দেওয়া হবে। কেন্দ্রীয় কোনও সাহায্য ছাড়াই রাজ্য সরকার নিজের কাঁধে সমস্ত দায়িত্ব তুলে নিয়েছে বলে জানালেন তিনি। ত্রাণ ও পুনর্বাসনে ঝাঁপিয়ে পড়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী ও প্রশাসন। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তাদের দিয়েছেন স্যালুট। একইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, ইতিমধ্যে তৈরি হয়েছে ত্রাণ তহবিল। যারা চাইবেন, তারা এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
