নিউজ পোল ব্যুরো: কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ বুধবার জানিয়ে দিল, প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত মামলায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকবে। এই রায় ঘোষণা হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গভীর সন্তোষ প্রকাশ করেন। মালদহ সফর সেরে মুর্শিদাবাদে পৌঁছে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “আজকের রায় সত্যিই প্রশংসনীয়। মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ রক্ষা করা হয়েছে। আমি অত্যন্ত খুশি।”
আরও পড়ুন: TET: প্রাথমিকের ৩২ হাজার নিয়োগ বহাল, ডিভিশন বেঞ্চে রায় বদল, তবে দুর্নীতি তদন্ত চলবে
২০১৪ সালের টেট (TET) পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। কিন্তু পরে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিতে অনিয়মের অভিযোগ তুলে ৩২ হাজার নিয়োগ বাতিলের নির্দেশ দেন। যদিও ওই নির্দেশের পরও শিক্ষকদের কাজে বহাল থাকতে বলা হয়েছিল এবং রাজ্যকে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে যায়। দীর্ঘ শুনানি শেষে অবশেষে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ জানিয়ে দেয় পূর্বের রায় টেকসই নয়, চাকরি বাতিল করা যাবে না।
এই রায় নিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) কোনও বিতর্কে জড়াতে চাননি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন রাজনীতিতে সক্রিয় এই প্রসঙ্গেও তিনি মন্তব্য করা এড়িয়ে গেলেন। তার স্পষ্ট বক্তব্য, “আমি কারও ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে চাই না। আদালত নিজের মতো বিচার করবে, আর আমরা বিচারব্যবস্থাকে সম্মান করি। আমি শুধু এতটাই বলব প্রাথমিক শিক্ষকদের চাকরি রক্ষা পেয়েছে, ফলে বহু পরিবার নিশ্চিন্ত হয়েছে। এর চেয়ে বড় স্বস্তি আর কিছু নয়।”
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এও অভিযোগ করেন যে, প্রায়শই নানা অজুহাতে মামলা করে চাকরি আটকে দেওয়া হয়। তার কথায়, “আমাদের দায়িত্ব মানুষের কর্মসংস্থান বাড়ানো, চাকরি খেয়ে নেওয়া নয়। যারা কাজ করছেন, তাদের জীবিকা যাতে অটুট থাকে সেটাই দেখব।” হাই কোর্টের এই রায়ে রাজ্যের প্রাথমিক শিক্ষক মহলে স্বস্তি ফিরেছে। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটায় শিক্ষকরা স্বপদে বহাল থাকায় স্বভাবতই খুশি। আদালতের মন্তব্য অনুযায়ী, আগের রায়ে ‘বিচারব্যবস্থার উপর অবাঞ্ছিত হস্তক্ষেপ’ হয়েছিল, যা ডিভিশন বেঞ্চ সংশোধন করে দিয়েছে। ফলে প্রায় ৩২ হাজার শিক্ষকের চাকরি এখন আইনগতভাবে সুরক্ষিত। শিক্ষক সংগঠনগুলিও রায়কে স্বাগত জানিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
