East Bengal vs Punjab FC: পাঞ্জাবকে হারিয়ে সুপার ফাইনালে ইস্টবেঙ্গল

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: সুপার কাপ (Super Cup) ফাইনালে ইস্টবেঙ্গল (East Bengal)। সেমিফাইনালে পাঞ্জাব এফসিকে (Punjab FC) হারাল ৩-১ গোলে। কাজে এল না ম্যাচের আগের দিনের পাঞ্জাবের লুকোচুরি খেলা। বাংলার মশাল এখন লাল হলুদের হাতেই। ডিসেম্বর মানেই গোয়াতে উৎসবের আমেজ। সেই উৎসবে মিশে গেল ইস্টবেঙ্গলের ফাইনালে যাওয়ার আনন্দও। সমর্থকরা মাঠ ছাড়লেন সেই আনন্দ নিয়েই। তবে স্বস্তির জয়ও অস্বস্তি রেখে গেল। ফাইনালে চিন্তা রয়েই গেল। আর চিন্তার কারণ হলেন স্বয়ং অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নিজে। বৃহস্পতিবার ম্যাচের হাফটাইমের আগে মেজাজ হারিয়ে রেফারির সঙ্গে বাকবিতন্ডায় জরিয়ে যান তিনি। তাই তাকে লাল কার্ড দেখতে হয়। বাকি ম্যাচ গ্যালারিতে বসেই দেখতে হয় তাকে।

আরও পড়ুন:Virat Kohli Fans: ইডেন-রাঁচি-রায়পুর, বিরাটকে ছোয়ার জন্য গ্রেপ্তারিতে নো কেয়ার

ম্যাচের ১২ মিনিটেই রশিদের (Mohammad Rashid) জোরালো শট এগিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। পাঞ্জাবের পেনাল্টি বক্সের বাইরে শট নিয়েছিলেন প্যালেস্তাইনের তারকা। কিন্তু গোল করার পরেও গোল হজম করার রোগ থেকেই গেল ব্রুজোঁর দলের। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পাঞ্জাবের রামিরেজ। রিকি হেড করেছিলেন। সেই বল বিপিনের হাতে লাগলে রেফারি পেনাল্টি দেন।বিরতির ঠিক আগে কেভিন সিবিল্লে হেডে গোল করেন। ২-১ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। আর গোলের পরে চতুর্থ অফিসিয়ালের সামনে সেলিব্রেশন করায় তার সঙ্গে বাকবিতন্ডায় জড়ান অস্কার। তাকে হলুদ কার্ড দেখান রেফারি। এরপর হাফটাইমে যখন তিনি ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন তখন রাগে রিসার্ভ বেঞ্চের কাচ হাত দিয়ে বাজান। অস্কারের সেই আচরণ ভালো লাগেনি রেফারির। তাই তাকে ফের হলুদ কার্ড দেখান রেফারি। দুটো হলুদ কার্ড হওয়ায় লাল কার্ড দেখে ফাইনালে নেই অস্কার ব্রুজোঁ।

দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ৭১ মিনিটে মিগুয়েলের পাস থেকে ৩-১ করেন সউল ক্রেসপো। তার পরে পাঞ্জাব আর ম্যাচে ফিরতে পারেনি।

ম্যাচের পর কোচ বিনো জর্জ কিন্তু অভিযোগ জানিয়ে গেলেন গোয়ার ফতোর্দা স্টেডিয়ামের মাঠ নিয়ে। তিনি বললেন, “আমরা দুপুর বেলা যখন আসি তখন মাঠে কোনও জল দেওয়া হয়নি। আমরা বেশ কয়েকবার অনুরোধ করেছি জল দেওয়ার জন্য। এখন ম্যাচ শেষ হয়ে গেছে। এবার মাঠে জল দিচ্ছে। যদিও গতবারের থেকে এবারের মাঠের অবস্থা একটু ভালো।”

অন্যদিকে সউল ক্রেসপো জানিয়েছেন, “এটা আমার চতুর্থ সুপার কাপ ফাইনাল। এর আগে তিনটেই জিতেছি। এবারও মুখিয়ে আছি জয়ের জন্য। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। আমরা তৈরি। কোচ তো পরামর্শ দেবেনই। সেই মতোই খেলব।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের ফাইনালের প্রতিপক্ষ এফসি গোয়া। মুম্বই সিটি এফসিকে তারা ২-১ গোলে হারিয়েছেন। এই ম্যাচের ফলাফল ২-২ হতে পারত কিন্তু ছাংতের পেনাল্টি মিসের ফলে ২-১ গোলেই হারতে হল তাদের।