নিউজ পোল ব্যুরো: শুক্রবার লোকসভার অধিবেশনে বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি আচরণ ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়। রাজ্যের শাসকদলের সাংসদরা অভিযোগ তোলেন যে বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষদের বাংলাদেশি বলে সন্দেহ করে আটক করা হচ্ছে এবং নির্বিচারে পুশব্যাকের চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই এই প্রবণতার তীব্র নিন্দা করেছিলেন। তার বক্তব্য,‘বাঙালি’ পরিচয়কে কোনও ভাবেই ‘বাংলাদেশি’ বলে দেখানো যায় না। সম্প্রতি সোনালি খাতুনকে (Sonali Khatun) নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেটিই এখন সবচেয়ে আলোচিত উদাহরণ। কেন্দ্র তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিলেও তার উপর থেকে ‘বাংলাদেশি’ তকমা সরাতে এখনও অনীহা দেখা যাচ্ছে বলেও তৃণমূলের (TMC) অভিযোগ।
আরও পড়ুন:KMC : কলকাতায় ভূগর্ভে রেন ওয়াটার হারভেস্টিং, শহরের জলস্তর হবে পুনর্গঠিত!
এই পটভূমিকায় লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে বীরভূমের (Birbhum) সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy) জানান যে চলতি বছর ওড়িশায় ৪৪৪ জন বাঙালিকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। তাদের বেশির ভাগই মালদহ, মুর্শিদাবাদ ও বীরভূমের বাসিন্দা বলে দাবি তার। এমনকি একজন অন্তঃসত্ত্বা মহিলাকেও নাকি পুশব্যাক করা হয়েছে এমন অভিযোগও তিনি তোলেন। কিন্তু তার বক্তব্য শেষ হওয়ার আগেই স্পিকার পরবর্তী প্রশ্নোত্তর শুরু করতে বলেন এবং সেই অনুযায়ী বিজেপি সাংসদ যুগল কিশোর নিজের প্রশ্ন পড়তে শুরু করেন। এর পরেই তৃণমূলের (TMC) সাংসদদের তীব্র আপত্তি ওঠে। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে শতাব্দীকে থামিয়ে দেওয়া হচ্ছে।
মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) সহ কয়েকজন ওয়েলে নেমে স্লোগান দিতে শুরু করেন। প্রতিবাদের জেরে অধিবেশন কিছু সময়ের জন্য অস্থির হয়ে পড়লেও পরে স্পিকার শতাব্দীকে ফের বক্তব্য শেষ করার অনুমতি দেন। সুযোগ পেয়ে তিনি আরও কড়া সুরে কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানান।
শতাব্দীর বক্তব্য অনুযায়ী, শুধু বাংলা ভাষা ব্যবহারের জন্য যদি কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তা হলে সমান যুক্তিতে হিন্দি বা উর্দু ভাষাভাষী রাজনৈতিক নেতাকর্মীদেরও অন্য দেশে পাঠানো উচিত এই মন্তব্যে তিনি বিজেপিকে একহাত নেন। তার কথায়, ভাষার ভিত্তিতে নাগরিকত্বের উপরে এমন প্রশ্ন তোলা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং এটি ভারতের বহুভাষিক সামাজিক কাঠামোর সঙ্গে বেমানান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
