নিউজ পোল ব্যুরো:শিল্পপতি ও বিনিয়োগকারীদের নিরাপত্তা আরও জোরদার করতে বিহারে গড়ে উঠছে বিশেষ নিরাপত্তা বাহিনী বিহার শিল্প নিরাপত্তা বাহিনী (Bihar Industrial Security Force)। দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণতার কারণে বিনিয়োগের মানচিত্রে পিছিয়ে থাকা বিহারকে শিল্পবান্ধব রাজ্যে পরিণত করতেই নীতীশ কুমার সরকারের এই বড় উদ্যোগ। কেন্দ্রীয় CISF-এর আদলে তৈরি এই বাহিনী রাজ্যের শিল্প পরিকাঠামোয় এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বহু বছর ধরে খুন, অপহরণ, তোলাবাজি ও ডাকাতির মতো অপরাধমূলক ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত ছিলেন। এই ভয়াবহ পরিস্থিতিই শিল্পপতিদের বিহারে বিনিয়োগে নিরুৎসাহিত করেছে। সেই অবস্থার আমূল পরিবর্তন আনতে এবং বিনিয়োগকারীদের বিশ্বাস ফেরাতে সরকার এবার সরাসরি নিরাপত্তা কাঠামোতেই বড়সড় রদবদল আনছে। রবিবার পাটনায় শিল্পমন্ত্রী দিলীপ জয়সওয়াল ঘোষণা করেন, শিল্পপতি ও বিনিয়োগকারীদের নিরাপত্তাই এখন সরকারের প্রথম অগ্রাধিকার। তাঁর কথায়, “বিনিয়োগকারীরা যাতে নির্ভয়ে বিহারে ব্যবসা বিস্তার করতে পারেন, সেই পরিবেশ তৈরি করতেই আমরা বিহার শিল্প নিরাপত্তা বাহিনী গড়ে তুলছি।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ইতিমধ্যেই ঘোষণা করেছেন, আগামী পাঁচ বছরে ৫০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বৃহৎ লক্ষ্যে পৌঁছতে গেলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা যেমন প্রয়োজন, তেমনই দরকার ব্যবসাবান্ধব নীতি, আধুনিক পরিকাঠামো ও দক্ষ মানবসম্পদ। রাজ্য সরকার তাই একযোগে শিল্পনীতিতে বড়সড় পরিবর্তন আনছে। নিয়মশিথিলকরণের মাধ্যমে ব্যবসার পরিবেশ আরও সহজ করা হচ্ছে, বিনিয়োগকারীদের জন্য প্রশাসনিক প্রক্রিয়াকে স্বচ্ছ ও দ্রুততর করা হচ্ছে।
শিল্পপরিকাঠামোর ক্ষেত্রেও চলছে ব্যাপক উন্নয়ন। রাজ্যে পাঁচটি নতুন মেগা ফুড পার্ক, দশটি শিল্প পার্ক এবং অন্তত একশোটি এমএসএমই পার্ক তৈরির কাজ এগোচ্ছে দ্রুতগতিতে। ছোট ও মাঝারি শিল্পকে শক্ত ভিত দিতে প্রতিটি জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের অধীনে শিল্প কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাত লক্ষ যুবক-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের বিশেষ পরিকল্পনা চলছে, যা ভবিষ্যতে শিল্পক্ষেত্রে কর্মীর চাহিদা পূরণ করবে।
এই সমস্ত উদ্যোগ একসঙ্গে বিহারের ভাবমূর্তি পাল্টে দেওয়ার সক্ষমতা রাখে। মন্ত্রিসভার সদস্যদের দাবি, বিহার শিল্প নিরাপত্তা বাহিনী গঠনের পাশাপাশি নতুন শিল্পনীতি (Bihar Industrial Security Force), উন্নত পরিকাঠামো এবং ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি—সব মিলিয়ে বিহারকে দেশের অন্যতম বিনিয়োগবান্ধব এবং নিরাপদ শিল্পরাজ্যে পরিণত করাই সরকারের মূল লক্ষ্য। দীর্ঘদিনের নেতিবাচক ধারণা কাটিয়ে এবার বিহার হয়ে উঠতে চলেছে শিল্পপতিদের নতুন গন্তব্য।
