নিউজ পোল ব্যুরো: ৩০ নভেম্বর ধুমধাম করে বিয়ে হয়েছে জাদুকর পি সি সরকার (জুনিয়র)-এর কন্যা ও অভিনেত্রী মৌবনী সরকারের (Moubani Sorcar)। বিয়ের পর নতুন সংসারে, নতুন ঠিকানায়—চন্দননগরের শ্বশুরবাড়িতে এখন ব্যস্ত তাঁর নতুন জীবনের শুরু। বৌভাতের পর মাত্র দু’দিন কেটেছে, কিন্তু অভিনেত্রীর গলায় এক মুহূর্তের জন্যও নেই কোনও অস্বস্তির সুর। বরং নতুন পরিবেশে নিজেকে একেবারে আপন করে নিয়েছেন মৌবনী।
আরও পড়ুন: Smriti Mandhanna Marriage controversy : নতুন করে আলোচনায় স্মৃতি, আঙুলে নেই বাগদানের আংটি
অভিনেত্রী জানালেন, বিয়েটা তাঁর জীবনে একেবারে “নতুন ভোর” এনে দিয়েছে। স্বামী সৌম্য রায় পেশায় রিসার্চ অ্যানালিস্ট—একেবারেই ইন্ডাস্ট্রির বাইরের মানুষ। কিন্তু মানুষ হিসাবে তাঁর নম্রতা, সংযত স্বভাব আর স্পষ্টবাদিতা মন জয় করে নিয়েছে মৌবনীর (Moubani Sorcar)।অভিনেত্রীর কথায়, “সৌম্য খুব কম কথা বলে, কিন্তু যা বলে সেটাই ঠিক কথা। ও আমার ভীষণ যত্ন নেয়, আর সবচেয়ে বড় কথা আমাকে সম্মান করে। বাবা-মায়ের পরে ও-ই একমাত্র মানুষ, যে আমার ভুলটা ধরিয়ে দেয়। সেটাই আমার কাছে সবচেয়ে বড় ভালোবাসা।”
নতুন বাড়ি, নতুন মানুষ—এই সবের সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যাই হচ্ছে না বলে জানালেন মৌবনী। বরং শ্বশুরবাড়ির মানুষজন এতটাই আপন করে নিয়েছেন তাঁকে, যে নতুন বলে কিছুই মনে হচ্ছে না। শ্বশুরবাড়িতে প্রথম রান্নার অভিজ্ঞতাও ছিল একদম সিনেমার মতো। মৌবনী হাসতে হাসতে বললেন, “আমি খুব একটা রান্না জানি না। শাশুড়িমা নিজেই পায়েস রান্না করলেন। আমাকে শুধু খুন্তি ধরে নেড়ে দিতে বললেন, ঠিক যেমন সিনেমায় দেখানো হয়। শ্বশুরমশাই সেই গোটা মুহূর্তটা ভিডিও করলেন। এতটা ভালোবাসা পেয়ে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে।”
বিয়ের পর কাজের চাপ আবার শুরু হবে, কিন্তু তার আগেই চলছে মধুচন্দ্রিমার পরিকল্পনা। আপাতত স্বামীর হাত ধরে চন্দননগরের অলিগলি ঘুরে দেখছেন মৌবনী। শহরের ফরাসি সংস্কৃতির প্রভাব তাঁকে দারুণ মুগ্ধ করেছে। সেই কারণেই অভিনেত্রীর ইচ্ছে, মধুচন্দ্রিমায় ফ্রান্স—বিশেষ করে প্যারিসে যাওয়ার। তবে বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন তিনি।
এই সময়টা জীবনের অন্যতম সুন্দর অধ্যায় বলে মনে করছেন মৌবনী। সকালে ঘুম ভাঙলেই কখনও কবিতা লিখতে ইচ্ছে করছে, কখনও আবার রং-তুলি হাতে ছবি আঁকতে। আর প্রতিটি মুহূর্তে পাশে রয়েছেন সৌম্য—ভালবাসায়, যত্নে আর নির্ভরতার আশ্রয়ে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
