Mamata Banerjee: ‘বাবা-মা আমাকে এই শিক্ষা দেয়নি’, গীতাপাঠের অনুষ্ঠানে কেন অনুপস্থিত? স্পষ্ট জবাব দিলেন মমতা

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: কলকাতার (Kolkata) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত পাঁচ লক্ষ মানুষের গীতাপাঠ অনুষ্ঠান ঘিরে রবিবার শহরজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছিল। দেশের নানা প্রান্তের সাধু-সন্ত, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বহু বিজেপি নেতা সেখানে উপস্থিত ছিলেন। আমন্ত্রণ পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)। তবে তিনি সেখানে উপস্থিত না হওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে থাকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরাসরি জানতে চান, কেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এমন একটি বৃহৎ ধর্মীয় আয়োজনে যোগ দিতে চাননি।

আরও পড়ুন: WB Govt: কোনও বাড়ি বাদ নয়, ভোটের আগে তথ্য সংগ্রহের জন্য দুটি বিশেষ পোর্টাল চালু করল নবান্ন

সোমবার কোচবিহারের (Coochbehar) উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই প্রশ্নের জবাব দেন মমতা। তার (Mamata Banerjee) স্পষ্ট বক্তব্য, অনুষ্ঠানের সঙ্গে বিজেপির (BJP) সরাসরি যোগ থাকায় উপস্থিত থাকা তার পক্ষে সম্ভব হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপির রাজনৈতিক অনুষ্ঠান হলে আমি কীভাবে যাই? যদি এটা কোনও নিরপেক্ষ বা সর্বজনীন আয়োজনে পরিণত হত, নিশ্চয়ই যেতাম। আমার নিজের বিশ্বাস-আদর্শ রয়েছে, তা আমি হেলায় ফেলতে পারি না।”

তিনি আরও জানান, যারা নেতাজিকে ছোট করেন, যারা মহাত্মা গান্ধীর মূল্যবোধকে মানেন না, তাদের সঙ্গে তিনি কোনওভাবেই এক মঞ্চে দাঁড়াতে পারেন না। মমতার কথায়, “আমার বাবা-মা আমাকে কখনও এই শিক্ষা দেননি। আমার বাংলা আমাকে অসহিষ্ণু হতে শেখায়নি। তাই এসব অনুষ্ঠানে আমার যাওয়া সম্ভব নয়।” একই সঙ্গে তিনি ফের পুনর্ব্যক্ত করেন যে তিনি সব ধর্মকেই সম্মান করেন এবং সাম্প্রদায়িকতার রাজনীতি থেকে দূরে থাকতে চান।

অন্যদিকে, গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ব্যক্তিগত আক্রমণ করেন। তার দাবি, “একুশের নির্বাচনে হিন্দু ভোটের বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেনি। হিন্দুরা তার ওপরে বিশ্বাস রাখতে পারছে না।” হুমায়ুন কবীর প্রসঙ্গ টেনে তিনি তৃণমূলের নীতি নিয়েও কটাক্ষ করেন। এছাড়া ব্রিগেডের মঞ্চ থেকে বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী গীতাপাঠের মাঝেই হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মত প্রকাশ করেন। তিনি বাংলাকে ‘ঐক্যবদ্ধ’ হওয়ার আহ্বান জানান এবং ইঙ্গিতে সমালোচনা করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole