নিউজ পোল ব্যুরো:সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi Singur rally) জনসভাকে ঘিরে বাংলার রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছিল বিশেষ প্রত্যাশা। দীর্ঘদিন ধরেই রাজ্যের মানুষ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বাংলার জন্য কোনও নতুন ঘোষণা, তাৎক্ষণিক সহায়তা কিংবা ভবিষ্যতের নয়—বর্তমানের দিশা চেয়ে আসছিলেন। বিশেষ করে শিল্প, কর্মসংস্থান ও আর্থসামাজিক পুনর্গঠনের প্রশ্নে সিঙ্গুরের মতো ঐতিহাসিক মঞ্চ থেকে কোনও স্পষ্ট বার্তা আসবে—এই আশা ছিল অনেকের।
আরও পড়ুন:https://thenewspole.com/2026/01/18/west-bengal-assembly-election-2026-phases-speculation/
কিন্তু সভা শেষ হতেই সেই প্রত্যাশা দ্রুতই হতাশায় রূপ নেয়। প্রধানমন্ত্রীর ভাষণ থেকে স্পষ্ট হয়ে যায়, বাংলার জন্য তাঁর যাবতীয় বক্তব্যই ভবিষ্যৎ-নির্ভর—যা বাস্তবায়িত হবে শুধুমাত্র বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে। বর্তমান পরিস্থিতিতে কোনও নতুন প্রকল্প, নীতিগত সিদ্ধান্ত কিংবা তাৎক্ষণিক আর্থিক সহায়তার ঘোষণা শোনা যায়নি। কার্যত বুঝিয়ে দেওয়া হয়, ক্ষমতার বাইরে থাকলে বাংলার জন্য সবই প্রতিশ্রুতি—আর সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ অনিশ্চিত ভবিষ্যতের হাতে সমর্পিত।
ভাষণে একদিকে যেমন বাঙালি মনীষীদের স্মরণ করেন প্রধানমন্ত্রী, তেমনই বজায় থাকে রাজনৈতিক আক্রমণের সুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় ও স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী জাতীয় স্তরে পালনের উদ্যোগকে কেন্দ্রীয় সরকারের কৃতিত্ব হিসেবে তুলে ধরে তিনি দাবি করেন, বিজেপির উন্নয়ন মডেলেই বিকাশ ও ঐতিহ্যের সমন্বয় ঘটবে পশ্চিমবঙ্গে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
আইনশৃঙ্খলার প্রশ্নে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে বিনিয়োগ না আসার জন্য তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যে মাফিয়াদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, যার ফলে শিল্প ও উন্নয়নের পরিবেশ নষ্ট হচ্ছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে অন্য একটি দিক। রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেও, কোনও নির্দিষ্ট সামাজিক বা উন্নয়নমূলক প্রকল্পের নাম করে সমালোচনা করেননি প্রধানমন্ত্রী। এমনকি বিজেপি ক্ষমতায় এলে সেই প্রকল্পগুলি বজায় থাকবে কি না—সে বিষয়েও কোনও স্পষ্ট অবস্থান নেননি তিনি। ফলে বিকল্প শাসনব্যবস্থার রূপরেখা ভাষণে অধরাই থেকে যায়।
ভাষণের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিল বাঙালি অস্মিতা ও সাংস্কৃতিক গৌরবের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী (Narendra Modi Singur rally) দাবি করেন, তাঁর সরকারের আমলেই বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি দুর্গাপুজোকে ইউনেস্কোর ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ’-এর স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
এই দাবিকে কেন্দ্র করেই বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। কারণ, দুর্গাপুজোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা সর্বজনবিদিত। ইউনেস্কোর প্রতিনিধিদের সঙ্গে রাজপথে হেঁটে দুর্গাপুজোর আয়োজন ঘুরে দেখা, পুজো কার্নিভাল, পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান, নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’ গড়ে তোলা—সব ক্ষেত্রেই রাজ্য সরকারের সক্রিয় উদ্যোগ প্রত্যক্ষ করেছে বাংলা।
এই বাস্তবতার প্রেক্ষিতে দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতির কৃতিত্ব এককভাবে কেন্দ্রের বলে দাবি করায় অনেকের মতে, এটি কৃতিত্ব নেওয়ার রাজনীতি ছাড়া কিছুই নয়—যেখানে রাজ্যের অবদানকে আড়াল করার চেষ্টা স্পষ্ট।
সব মিলিয়ে সিঙ্গুরের সভা শেষে বাংলার মানুষের মনে থেকে গেল এক ধরনের শূন্যতা। নতুন কোনও ঘোষণা নয়, বরং পুরনো কৃতিত্বের পুনরাবৃত্তি ও শর্তসাপেক্ষ ভবিষ্যৎ প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকল প্রধানমন্ত্রীর ভাষণ। বাস্তবের ছোঁয়ার অপেক্ষায় থাকা মানুষের হাতে এল চেনা রাজনৈতিক বক্তব্যের পুনরাবৃত্তি—আর সিঙ্গুরের মঞ্চ থেকে উচ্চারিত স্বপ্ন রয়ে গেল দূরবর্তী ও অধরাই।
