নিউজ পোল ব্যুরো: বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর (PM Modi) দপ্তরে প্রায় দেড় ঘণ্টা ধরে চলল এক গুরুত্বপূর্ণ বৈঠক। মুখোমুখি বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। দপ্তরের ঘেরা দরজার আড়ালে ঠিক কোন কোন প্রসঙ্গে আলোচনা হয়েছে, তা নিয়ে সংসদ ভবনে শুরু হয়েছিল জোর জল্পনা। যদিও পরে সূত্র মারফৎ যা জানা গিয়েছে, তা থেকে স্পষ্ট একাধিক সাংবিধানিক নিয়োগ নিয়েই ছিল এই দীর্ঘ বৈঠকের মূল কেন্দ্রবিন্দু।
আরও পড়ুন: Sonali Bibi: বাংলাদেশ থেকে ফেরার ৫ দিন পর বীরভূমের বাড়িতে সোনালি, এখনও স্বামীর অপেক্ষায় বধূ
প্রায় ১টা নাগাদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর (PM Modi) দফতরে পৌঁছন, এবং কয়েক মিনিট পরই শুরু হয় বৈঠক। প্রথমে এটিকে নিয়মিত সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছিল। কারণ কেন্দ্রীয় মুখ্য তথ্য কমিশনার ও আটজন তথ্য কমিশনার নিয়োগের ক্ষেত্রে কমিটির সদস্য হিসেবে লোকসভার বিরোধী দলনেতারও মতামত জরুরি। একইভাবে আগামীর ভিজিল্যান্স কমিশনার নিয়োগ প্রক্রিয়াতেও বিরোধী দলের ইনপুট প্রয়োজন। সেই কারণেই রাহুলকে আলোচনায় ডাকা হয় এবং তিনি সাংবিধানিক প্রথা অনুযায়ী বৈঠকে যোগ দেন।
তবে সময় যত এগিয়েছে, ততই সংসদ চত্বরে কৌতূহল বাড়তে থাকে। অনেক সাংসদই জানতে চান, এত দীর্ঘ সময় ধরে ঠিক কী নিয়ে আলোচনা চলল। কমিশন গঠন ছাড়াও কি অন্য কোনও রাজনৈতিক বা নীতি-সংক্রান্ত বিষয় টেবিলে উঠেছিল? অবশেষে বৈঠক শেষ হওয়ার পর জানা যায়, আলোচনার মূল বিষয় ছিল প্রস্তাবিত নামগুলির তালিকা এবং সেখানে রাহুল গান্ধী একাধিক ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পছন্দের কিছু প্রার্থীর নাম নিয়েই রাহুল আপত্তি তোলেন। শুধু মৌখিকভাবে নয়, তিনি নাকি নিজের আপত্তির কারণগুলি লিখিত আকারে জমা দেন। তাঁর মতে, তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ সংস্থার দায়িত্ব যারা নেবেন, তাঁদের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং প্রশাসনিক অভিজ্ঞতা প্রাধান্য পাওয়া উচিত; কোনওভাবেই রাজনৈতিক ঝোঁক থাকা চলবে না। সেই যুক্তিতেই তিনি কয়েকজন প্রার্থীর নাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
রুদ্ধদ্বার বৈঠকটি ঠিক কোন সুরে এগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে রাজনৈতিক মহল মনে করছে, কমিশনার নিয়োগ নিয়ে এই মতবিরোধ আগামী দিনে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিতে পারে। যদিও তিন পক্ষের কেউই এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
