Indrani Dutta: দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রাণী দত্ত

পেজ 3

নিউজ পোল ব্যুরো: টানা ধারাবাহিকে কাজ করার পর অনেক অভিনেত্রীই ছোটপর্দা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। কারও মতে একঘেয়েমি, কারও মতে সৃজনশীল তৃপ্তির অভাব। এমন পরিস্থিতিতে প্রায় আড়াই বছর পর আবার টেলিভিশনের পর্দায় ফিরলেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত (Indrani Dutta)। দর্শক তাঁকে শেষবার দেখেছিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘জীবনসাথী’-তে। দীর্ঘ বিরতির পর কেন আবার ধারাবাহিকে কাজ করতে রাজি হলেন তিনি— সেই প্রশ্নই এখন অনেকের মনে।

আরও পড়ুন: Kunal Ghosh: ‘মেসিকে মাঠ ছাড়তে হলো কেন?’ আয়োজকদের বিরুদ্ধে তোপ দাগলেন কুণাল ঘোষ, প্রকাশ করলেন চরম ক্ষোভ

ইন্দ্রাণী (Indrani Dutta) নিজেই জানাচ্ছেন, খুব ভেবেচিন্তে নয়, গল্পের টানেই তাঁর এই ফেরা। তাঁর কথায়, যে ধরনের কাহিনিতে নাটকীয়তা থাকে এবং অভিনয়ের সুযোগ পাওয়া যায়, সেগুলিই তাঁকে আকর্ষণ করে। তাই ছোটপর্দা বলে নয়, বরং চরিত্র এবং গল্পের প্রয়োজনেই এই সিদ্ধান্ত। অভিনেত্রী স্পষ্ট করেন, ছোটপর্দার প্রতি তাঁর কোনও বিরূপ মনোভাব কখনওই ছিল না।

অভিনয়জীবনের শুরুর দিকের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ইন্দ্রাণী। তিনি বলেন, বড়পর্দায় কাজ করার সময় ধারাবাহিকে অভিনয় করেননি। সেই সময় টেলিভিশনে টেলিফিল্মের চল বেশি ছিল এবং তিনি সেই মাধ্যমেই কাজ করতেন। অনেক পরিচালক তাঁকে ধারাবাহিকের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তখন তিনি সে পথে হাঁটেননি। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ও দৃষ্টিভঙ্গি বদলেছে, বদলেছে কাজের ধরনও।

তবে এটাও স্বীকার করেন অভিনেত্রী যে ধারাবাহিকে কাজ করলে ব্যক্তিগত সময় পাওয়া কঠিন হয়ে পড়ে। লম্বা ছুটি বা নিজের মতো সময় কাটানোর সুযোগ কমে যায়। তবুও পরিচিত কর্মপরিবেশ এবং পারস্পরিক বোঝাপড়ার জায়গাটি তাঁর কাছে গুরুত্বপূর্ণ। এর আগেও স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছেন ইন্দ্রাণী। সেই অভিজ্ঞতা ভালো হওয়ায় আবার একসঙ্গে কাজ করতে তাঁর কোনও দ্বিধা হয়নি। তাঁর মতে, ‘ব্লু’জ’ প্রযোজনা সংস্থা শিল্পীদের সুবিধা-অসুবিধা বোঝে, সেটাই বড় ভরসার জায়গা।

বর্তমানে ধারাবাহিকের শুটিং নিয়েই ব্যস্ত সময় কাটছে ইন্দ্রাণীর। একই সঙ্গে ব্যস্ত তাঁর মেয়ে রাজনন্দিনী পালও। মা-মেয়ে দু’জনেরই শুটিং থাকায় এখন একসঙ্গে সময় কাটানোর সুযোগ কমে গিয়েছে। সেটাই এই মুহূর্তে অভিনেত্রীর একমাত্র চিন্তার কারণ।

তবুও কাজের প্রতি ভালবাসা এবং অভিনয়ের টানেই আবার ছোটপর্দায় ফিরেছেন ইন্দ্রাণী দত্ত। দর্শকরা কতটা আপন করে নেন তাঁর এই নতুন যাত্রা, সেটাই এখন দেখার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole