নিউজ পোল ব্যুরো: ‘অনুরাগের ছোঁয়া’ শেষ হতেই নতুন চমক নিয়ে হাজির হলেন অভিনেতা রাহুল মজুমদার (Rahul Mazumder)। জনপ্রিয় ধারাবাহিকের পর বেশিদিন বিরতি নিলেন না তিনি। বরং দর্শকদের জন্য সুখবর— আট বছর পর আবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে রাহুল মজুমদার ও তাঁর স্ত্রী প্রীতি বিশ্বাসকে। তাঁদের নতুন ছবির নাম ‘হ্যাপি হ্যাপি ফ্যামিলি’।
আরও পড়ুন: Shatadru Dutta Arrest: বিমানবন্দর থেকে গ্রেফতার শতদ্রু দত্ত
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘রংরুট’ ছবিতে প্রথমবার পর্দায় জুটি বেঁধেছিলেন রাহুল ও প্রীতি। সেই ছবির সেটেই প্রথম আলাপ, তারপর বন্ধুত্ব, প্রেম এবং পরিণয়ে বিয়ে। বর্তমানে তাঁরা একটি কন্যাসন্তান আইরার বাবা-মা। সংসার ও সন্তান সামলে এবার আবার একসঙ্গে বড়পর্দায় ফিরছেন এই তারকা দম্পতি। ছবিটি পরিচালনা করছেন রাহুল বিশ্বাস।
নতুন ছবি প্রসঙ্গে রাহুল (Rahul Mazumder) জানান, ‘আজকাল প্রায় সব পরিবারেই নানা ধরনের সমস্যা থাকে। মানসিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, আত্মবিশ্বাসের অভাব— সব মিলিয়ে জীবন সহজ নয়। আমাদের ছবির গল্প এমন এক সংস্থাকে ঘিরে, যারা মানুষের পারিবারিক সমস্যার সমাধান করে। আমি সেই পরিবারেরই একজন সদস্যের চরিত্রে অভিনয় করছি।’
ছবিতে প্রীতির চরিত্রটি নিয়েও বিশেষভাবে কথা বলেন রাহুল। তিনি বলেন, ‘আজকাল সোশ্যাল মিডিয়ায় বডি শেমিং খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ একটু মোটা হলেই নানা কটু মন্তব্য শুরু হয়ে যায়। কিন্তু এর পিছনে কারও শারীরিক বা হরমোনজনিত সমস্যা আছে কিনা, সেটা কেউ ভাবতে চায় না। ছবিতে প্রীতির চরিত্রের মধ্য দিয়ে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে।’
দীর্ঘ বিরতির পর প্রীতির আবার ক্যামেরার সামনে ফেরা নিয়েও মুখ খুলেছেন রাহুল। তাঁর কথায়, ‘মা হওয়ার পর প্রীতি প্রথম দিকে খুবই দ্বিধায় ছিল। ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছিল। আমি আর ওর দাদা ওকে অনেক জোর করি। ওর সঙ্গে কাজ করাটা আমার কাছে সবসময়ই বাড়তি প্রাপ্তি। ও ভীষণ ভালো অভিনেত্রী।’
রাহুল আরও জানান, এত বছর পর আবার স্ত্রীর সঙ্গে অভিনয় করতে পেরে তিনি অত্যন্ত খুশি। ছবির গল্পে যেমন সমাজের নানা চাপের কথা বলা হয়েছে, তেমনই দেখানো হয়েছে কী ভাবে সেগুলো উপেক্ষা করে নিজের মতো করে এগিয়ে যাওয়া যায়। অভিনেতার মতে, ‘লোকে কী বলছে সেটা ভেবে যদি আমরা থেমে যাই, তাহলে ক্ষতি আমাদেরই। নিজের বিশ্বাসে এগিয়ে যাওয়াই আসল।’
ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়েছে। খুব শিগগিরই মুক্তি পাবে পোস্টার ও ট্রেলার। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে আসবে ‘হ্যাপি হ্যাপি ফ্যামিলি’। মা হওয়ার পর প্রীতির কাজে ফেরা এবং ‘অনুরাগের ছোঁয়া’-র পর রাহুলের বড়পর্দায় প্রত্যাবর্তন— দুই মিলিয়ে এই ছবি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
