নিউজ পোল ব্যুরো:সিডনির বন্ডি বিচে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi condemns attack)। ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কার প্রথম দিনের উদ্যাপন চলাকালীন এই হামলায় দুই বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালায় বলে জানা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
রবিবার সামাজিক মাধ্যম এক্সে একটি বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, “বন্ডি বিচে হানুক্কার প্রথম দিনের অনুষ্ঠানে অংশ নেওয়া নিরীহ মানুষের উপর চালানো এই ঘৃণ্য সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানাই।” তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে অস্ট্রেলিয়ার জনগণের পাশে থাকার বার্তা দেন।
প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi condemns attack) স্পষ্ট করে দেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি ‘জিরো টলারেন্স’। তাঁর কথায়, “ভারতের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই শোকের মুহূর্তে আমরা অস্ট্রেলিয়ার মানুষের সঙ্গে আছি। সন্ত্রাসবাদের সব রকম রূপ ও প্রকাশের বিরুদ্ধে লড়াইয়ে ভারত অটল।”
এই হামলার নিন্দায় সরব হয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, “অস্ট্রেলিয়ার বন্ডি বিচে হানুক্কা উদ্যাপনের সময় চালানো জঙ্গি হামলার তীব্রতম ভাষায় নিন্দা জানাই। নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা।”
ধর্মীয় অনুষ্ঠানের মতো শান্তিপূর্ণ সমাবেশে এ ধরনের রক্তক্ষয়ী হামলা ফের আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদের ভয়াবহ চেহারা সামনে আনল। ভারতের পক্ষ থেকে এই বিষয়ে বার্তা একেবারে স্পষ্ট—সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও রকম আপস নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ধর্ম, জাতি বা দেশের সীমানা পেরিয়ে নিরীহ মানুষের উপর হামলা যে সভ্যতার জন্য বড় হুমকি, তা আবারও প্রমাণ করল বন্ডি বিচের এই রক্তক্ষয়ী ঘটনা। এমন পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও কঠোর অবস্থানই যে একমাত্র পথ, সে বার্তাই ফের বিশ্বদরবারে তুলে ধরল ভারতের অবস্থান।