নিউজ পোল ব্যুরো: বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় বড়সড় অস্বস্তিতে পড়েছেন টলিউডের জনপ্রিয় দুই মুখ অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এই মামলার তদন্তে তাঁদের উল্লেখযোগ্য অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। শুধু টলিউড নয়, একই মামলায় দেশের বিভিন্ন ক্ষেত্রের একাধিক পরিচিত ব্যক্তি ক্রিকেটার ও বলিউড তারকারাও ইডির (ED) পদক্ষেপের আওতায় এসেছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার এই মামলায় মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে মিমি চক্রবর্তীর প্রায় ৫৯ লক্ষ টাকা এবং অঙ্কুশ হাজরার ৪৭.২০ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা যুবরাজ সিংয়ের ২.৫ কোটি টাকা, রবিন উথাপ্পার ৮.২৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
এছাড়াও বলিউডের একাধিক পরিচিত মুখের নাম উঠে এসেছে এই তালিকায়। অভিনেত্রী উর্বশী রাউতেলার ২.০২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, যদিও ওই সম্পত্তি তাঁর মায়ের নামে নথিভুক্ত বলে সূত্রের খবর। অভিনেতা সোনু সুদের ১ কোটি টাকা এবং অভিনেত্রী নেহা শর্মার ১.২৬ কোটি টাকার সম্পত্তিও এই মামলার আওতায় বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্ত সূত্রে জানা যাচ্ছে, 1xBet নামের একটি বেআইনি অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা ও অর্থ তছরুপের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে ইডি। তদন্ত চলাকালীন বিভিন্ন সময়ে একাধিক সেলিব্রিটিকে জিজ্ঞাসাবাদ করা হয়। দিল্লিতে ডেকে নিয়ে প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীকে কয়েক ঘণ্টা ধরে জেরা করা হয়। একইভাবে অঙ্কুশ হাজরাকেও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।
উল্লেখযোগ্য বিষয় হল, এই মামলায় এর আগেও বড় অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার প্রায় সাড়ে ১১ কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি (ED)। এর মধ্যে রায়নার প্রায় ৬ কোটি ৬৪ লক্ষ টাকার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধাওয়ানের ৪.৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি অন্তর্ভুক্ত ছিল। তদন্ত এখনও চলমান, এবং সামনে আরও তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
