BJP: কুকুর ও ই-সিগারেট বিতর্কে উত্তাল সংসদ! বিধি ভঙ্গের অভিযোগে ১০ বিরোধী সাংসদের বিরুদ্ধে নালিশ বিজেপির

দেশ

নিউজ পোল ব্যুরো: সংসদের মর্যাদা ও শালীনতা রক্ষার প্রশ্নে শীতকালীন অধিবেশনের শেষ দিনে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সংসদ চত্বরে অনভিপ্রেত আচরণের অভিযোগ তুলে মোট ১০ জন বিরোধী সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দিয়েছে বিজেপি (BJP)। অভিযোগের তালিকায় রয়েছে সংসদের ভিতরে পথকুকুর নিয়ে আসা থেকে শুরু করে ই-সিগারেট সেবন এবং অধিবেশন চলাকালীন বিশৃঙ্খল আচরণ। এই নোটিস পেশ করেছেন বিজেপি (BJP) সাংসদ নিশিকান্ত দুবে।

আরও পড়ুন: Jaya Bachhan: সংসদে রবীন্দ্রনাথের গানে গলা মেলালেন জয়া! বাংলায় মমতা সরকারের প্রত্যাবর্তন নিয়ে বড় দাবি

সূত্রের খবর, শুক্রবার লোকসভায় এই নোটিস জমা পড়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা। অভিযুক্ত সাংসদরা তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও ডিএমকে-র সদস্য। অভিযোগের অন্যতম উল্লেখযোগ্য নাম কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরি। তাঁর বিরুদ্ধে সংসদে একটি পথকুকুর নিয়ে হাজির হওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে সংসদ চত্বরে ই-সিগারেট সেবনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়াও তালিকায় রয়েছেন কংগ্রেস সাংসদ হিবি ইডেন, ডিন কুরিয়াকোস, জ্যোতিমণি এবং কংগ্রেস ও ডিএমকে-র আরও কয়েকজন সাংসদ। অভিযোগ অনুযায়ী, লোকসভায় যখন কৃষি ও গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান জি রাম জি বিল নিয়ে জবাবি ভাষণ দিচ্ছিলেন, সেই সময় কয়েকজন বিরোধী সাংসদ নিজেদের আসন ছেড়ে বেঞ্চের উপর দাঁড়িয়ে পড়েন এবং কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান। বিজেপির (BJP) দাবি, এই আচরণ সংসদের নিয়ম ও শালীনতার সম্পূর্ণ পরিপন্থী।

সংসদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিশিকান্ত দুবে জানান, তিনি অধ্যক্ষের কাছে আবেদন করেছেন যেন এই ঘটনায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়। তাঁর মতে, কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। তিনি প্রস্তাব দেন, হয় বাজেট অধিবেশনের শুরুতেই অভিযুক্ত সাংসদদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হোক, অথবা শীতকালীন অধিবেশন ও বাজেট অধিবেশনের মধ্যবর্তী সময়ে সংসদের কোনও কাজেই তাঁদের অংশগ্রহণের সুযোগ না দেওয়া হোক।

লোকসভা সচিবালয়ের একটি সূত্র জানাচ্ছে, অধ্যক্ষ ইতিমধ্যেই অভিযোগগুলি পর্যালোচনা শুরু করেছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিষয়টি সংসদের স্বাধিকার রক্ষা কমিটির কাছে পাঠানো হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত সেই কমিটিই নেবে বলে সংসদীয় সূত্রের খবর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole