নিউজ পোল ব্যুরো: আপনি কি জানেন, রান্নাঘরের সাধারণ একটি উপাদান রসুনই গাছের সুস্থ বৃদ্ধি ও পোকামাকড় দমনে দারুণ কার্যকর হতে পারে? আধুনিক বাগানচর্চায় রাসায়নিক সার ও কীটনাশকের বদলে এখন অনেকেই ঝুঁকছেন প্রাকৃতিক সমাধানের দিকে। সেই তালিকায় রসুনের জল একেবারে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন:Weight Loss Tips: চকোলেটেই ফিটনেস ফর্মুলা!ঠিক নিয়মে খেলেই কমবে স্ট্রেস, কমবে ওজন
রসুন শুধু যে মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, তা নয়—উদ্ভিদের ক্ষেত্রেও এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রসুনে রয়েছে সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি৬, ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজের মতো উপাদান, যা গাছের শিকড় মজবুত করতে ও সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি এতে ক্যালসিয়াম, আয়রন, কপার ও পটাশিয়াম থাকায় গাছের পাতা আরও সবুজ হয়, ফুল ও ফলের গুণমানও উন্নত হয়।বিশেষজ্ঞদের মতে, রসুনের জল গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এতে থাকা প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান গাছকে ছত্রাক ও ক্ষতিকর জীবাণুর হাত থেকে রক্ষা করে। একই সঙ্গে এটি পোকামাকড় দূরে রাখে, ফলে আলাদা করে রাসায়নিক কীটনাশক ব্যবহারের প্রয়োজন কমে যায়। যারা বাড়িতে সবজি বা ফলের গাছ লাগান, তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী। রসুনের জল মাটিকেও উর্বর করে তোলে। এতে থাকা ফসফরাস গাছের শিকড়ের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং পটাশিয়াম গাছের পাতা, ফুল ও ফলকে সুস্থ ও সতেজ রাখে। নিয়মিত ব্যবহার করলে গাছের সামগ্রিক বৃদ্ধি চোখে পড়ার মতো হয়।

কীভাবে বানাবেন রসুনের জল?
প্রথমে ৮–১০টি রসুনের কোয়া নিন। ব্লেন্ডারে আধ কাপ জলের সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর এই মিশ্রণটি ৩–৪ কাপ সাধারণ জলের সঙ্গে মিশিয়ে একটি কাচের বোতলে ভরে নিন। বোতলটি ঘরের ভেতর ঠান্ডা ও অন্ধকার জায়গায় দু’দিন রেখে দিন। তৃতীয় দিনে মিশ্রণটি ভালো করে ছেঁকে নিন। এবার ছেঁকে নেওয়া রসুনের জলের সঙ্গে তার ছয় গুণ সাধারণ জল মিশিয়ে নিন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই জল স্প্রে বোতলে ভরে সকাল বা বিকেলের দিকে গাছে স্প্রে করুন। সপ্তাহে মাত্র একদিন ব্যবহার করলেই পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কমে যাবে। অতিরিক্ত রসুনের জল ফ্রিজে সংরক্ষণ করলেও কয়েকদিন ভালো থাকে। প্রাকৃতিক উপায়ে গাছের যত্ন নিতে চাইলে রসুনের জল হতে পারে আপনার সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান।
