Gorumara National Park : বড়দিন ও পয়লা জানুয়ারিতে পর্যটকদের জন্য খোলা থাকছে গোরুমারা অভয়ারণ্য, খুশি পর্যটন শিল্প

ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: বড়দিনের উৎসব শেষ হতে না হতেই এক সপ্তাহের মধ্যেই নতুন বছরের হাতছানি—পয়লা জানুয়ারি। এই ছুটির মরশুমে উত্তরবঙ্গের (North Bengal Tourism) আবহাওয়া যেন পর্যটকদের জন্য আদর্শ। কনকনে ঠান্ডা, কুয়াশা মোড়া সকাল আর সবুজে ঘেরা প্রকৃতি—সব মিলিয়ে ডুয়ার্স (Dooars Travel) এখন পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য। তারই মাঝে সুখবর পেলেন প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চারপ্রিয় ভ্রমণকারীরা। বড়দিন এবং ইংরেজি নববর্ষ—এই দুই গুরুত্বপূর্ণ দিনে পর্যটকদের জন্য খোলা থাকছে গোরুমারা জাতীয় উদ্যান (Gorumara National Park)। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার গোরুমারা অভয়ারণ্যে সাপ্তাহিক ছুটি থাকে। ওই দিন পর্যটকদের জঙ্গল সাফারির অনুমতি দেওয়া হয় না। কিন্তু এবছর কাকতালীয়ভাবে ২৫ ডিসেম্বর (Christmas Holiday) এবং ১ জানুয়ারি (New Year Travel)—দুটো দিনই বৃহস্পতিবার পড়েছে। ফলে এই দুই দিনে গোরুমারা বন্ধ থাকবে কি না, তা নিয়ে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে সেই সংশয় দূর করল বনদফতর।

আরও পড়ুন : BSNL Offer : শীতের মরশুমে গ্রাহকদের জন্য দুরন্ত সুখবর! ৩৪৭ টাকার প্ল্যানে ৫০ দিন ২ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং দিচ্ছে BSNL

বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে এবছর এই দুই বৃহস্পতিবার গোরুমারা অভয়ারণ্য খোলা রাখা হবে। বড়দিন ও পয়লা জানুয়ারিতে বিপুল সংখ্যক পর্যটক ডুয়ার্সে আসবেন—এই সম্ভাবনা আগেই আঁচ করেছিল প্রশাসন। সেই কারণেই সাপ্তাহিক ছুটির নিয়মে ছাড় দিয়ে অভয়ারণ্য খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই ঘোষণায় খুশির হাওয়া স্থানীয় পর্যটন শিল্পে। হোটেল মালিক, গাড়িচালক, ট্যুর অপারেটর থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরা আশা করছেন, উৎসবের মরশুমে পর্যটকদের ভিড়ে তাঁদের ব্যবসায় বাড়তি লাভ হবে। বিশেষ করে গোরুমারা ও লাটাগুড়ি সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই হোটেল বুকিং প্রায় পূর্ণ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

গোরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রাজীব দে জানিয়েছেন, “এবছর বড়দিন ও ইংরেজি নববর্ষ বৃহস্পতিবার পড়েছে। এই সময় প্রচুর পর্যটক জঙ্গল সাফারির জন্য আসবেন। সেই কথা মাথায় রেখেই সাপ্তাহিক ছুটির দিনেও অভয়ারণ্য খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এই উৎসবের মরশুমে উত্তরবঙ্গে ঘুরতে আসা পর্যটকদের জন্য গোরুমারা জাতীয় উদ্যান হয়ে উঠছে আরও বড় আকর্ষণ। প্রকৃতি, বন্যপ্রাণ আর শীতের আমেজ—সব একসঙ্গে উপভোগ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই।