Humayun Kabir: হুমায়ুনের হয়ে লড়াইয়ে ৩ হুমায়ুন! নতুন দলে হিন্দু মুখও, মির্জাপুর থেকে বড় চমক বিধায়কের

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) আবারও রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করলেন। কয়েকদিন আগেই বেলডাঙায় বাবরি মসজিদের (Babri Masjid) শিলান্যাস করে তিনি ইঙ্গিত দিয়েছিলেন নতুন রাজনৈতিক পদক্ষেপের। পূর্বঘোষণা অনুযায়ী সোমবার আনুষ্ঠানিকভাবে নিজের নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন কবীর। তাঁর নতুন রাজনৈতিক দলের নাম রাখা হয়েছে ‘জনতা উন্নয়ন পার্টি’।

আরও পড়ুন: Renkoji Temple: রেনকোজি মন্দিরের চিতাভস্ম নিয়ে ফের প্রশ্ন! সত্য অনুসন্ধানে এবার মন্দির ট্রাস্টের দ্বারস্থ গবেষক

শুধু দল ঘোষণাতেই থেমে থাকেননি তিনি (Humayun Kabir)। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক আসনে প্রার্থীদের নামও প্রকাশ করেন। এই তালিকায় সবচেয়ে বড় চমক একাধিক প্রার্থীর নামই হুমায়ুন কবীর (Humayun Kabir)। অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক ও বিরোধী দলের প্রার্থীদের একাধিক কেন্দ্রে একাধিক ‘হুমায়ুন কবীর’-এর মুখোমুখি হতে হবে। এটিকে নিজের দলের কৌশলগত চমক হিসেবেই তুলে ধরেছেন দলের চেয়ারম্যান।

হুমায়ুন কবীর নিজে ঘোষণা করেছেন যে, তিনি রেজিনগর ও বেলডাঙা এই দুই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হবেন। তাঁর দাবি, দুই কেন্দ্রেই জয় নিশ্চিত। তবে এখানেই শেষ নয়। রানিনগর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে আরেক হুমায়ুন কবীরকে, যিনি পেশায় একজন চিকিৎসক। উল্লেখযোগ্যভাবে, তিনি ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, যদিও সেবার জয়ী হতে পারেননি। ২০২৬ সালের নির্বাচনে তাঁকেই সামনে এনে নতুন সমীকরণ গড়তে চাইছে জনতা উন্নয়ন পার্টি।

এছাড়াও ভগবানগোলা কেন্দ্র থেকে একজন ব্যবসায়ী হুমায়ুন কবীরকে প্রার্থী করার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বীরভূম জেলা থেকেও আরও একজন হুমায়ুন কবীরকে প্রার্থী করা হবে বলে ইঙ্গিত দেন তিনি, যদিও তাঁর নাম এখনই প্রকাশ করা হয়নি।

নতুন দলের প্রার্থী তালিকায় শুধু মুসলিম নয়, হিন্দু প্রার্থীরাও রয়েছেন। মুর্শিদাবাদ কেন্দ্র থেকে মনীষা পাণ্ডে এবং বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। আরও কয়েকটি বিধানসভা আসনে প্রার্থীদের নামও এদিন ঘোষণা করা হয়। দল ঘোষণার মঞ্চ থেকে হুমায়ুন কবীর জানান, বাংলার সাধারণ মানুষের সার্বিক উন্নয়নই জনতা উন্নয়ন পার্টির মূল লক্ষ্য। খুব শীঘ্রই দলের ইস্তেহার প্রকাশ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিনের বক্তব্যে রাজনৈতিক বার্তাও ছিল স্পষ্ট। একদিকে ফিরহাদ হাকিমকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “মাথা গরম হলে এক লক্ষ মানুষ নিয়ে ফিরহাদের (Firhad Hakim) অফিস ঘেরাও করব।” অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বের গুণ ও রাজনৈতিক প্রতিভার প্রশংসাও করেন তিনি। এই দ্বৈত বার্তা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole