AI Bike : সুরাটের তিন ছাত্রের বাতিল যন্ত্রাংশ থেকে তৈরি এআই বাইক ‘গরুড়’, স্বয়ংক্রিয়ভাবে গতি নিয়ন্ত্রণ করে পথ দুর্ঘটনা কমাবে

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: সুকুমার রায়ের ‘হযবরল’-এ যেমন “ছিল রুমাল, হয়ে গেল বেড়াল”—ঠিক তেমনই এক আধুনিক রূপকথা যেন বাস্তবে ঘটিয়ে ফেলেছেন সুরাটের তিন ইঞ্জিনিয়ারিং ছাত্র। তাদের হাতে “ছিল বাতিল যন্ত্রাংশ, হয়ে গেল বাইক” (AI Bike)—আর পাঁচটা বাইক নয়, একেবারে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI Bike) নির্ভর স্মার্ট বাহন। এই অভিনব বাইকটির নাম ‘গরুড়’। এটি তৈরি করেছেন ভগবান মহাবীর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তিন ছাত্র—শিবম মৌর্য, গুরপ্রীত অরোরা ও গণেশ পাটিল। শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল এমন একটি বাহন বানানো, যা হবে প্রযুক্তিতে উন্নত অথচ নির্মাণ খরচে সাশ্রয়ী। সেই ভাবনা থেকেই তারা বেছে নেন বাতিল যন্ত্রাংশ ও ফেলে দেওয়া লোহালক্কড়। অবাক করার বিষয়, পুরো বাইকটির প্রায় ৫০ শতাংশই তৈরি হয়েছে স্ক্র্যাপ মেটেরিয়াল থেকে (AI Bike) ।

আরও পড়ুন : Jacqueline Fernandez : দুঃসময়ের মাঝেই মানবিকতার নজির! বড়দিনে পথশিশুদের জন্য ‘সিক্রেট সান্টা’ জ্যাকলিন ফার্নান্ডেজ

এই কারণে বাইকটির মোট খরচ দাঁড়িয়েছে মাত্র ১.৮ লক্ষ টাকা—যা এর বৈশিষ্ট্য ও সক্ষমতার তুলনায় অত্যন্ত কম। বাইকটির ‘মস্তিষ্ক’ হিসেবে ব্যবহার করা হয়েছে রেসপবেরি পাই (Raspberry Pi Processor)। এই ছোট কিন্তু শক্তিশালী সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মাধ্যমেই ‘গরুড়’ ভয়েস কমান্ড বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করে। কাছাকাছি কোনও যানবাহন এলে বাইকটি নিজে থেকেই গতি কমিয়ে দেয়। ১২ ফুট ব্যাসার্ধের মধ্যে কোনও গাড়ি বা বাইক চলে এলেই সতর্ক হয়ে যায় এই স্মার্ট বাহন (AI Bike)। আর যদি মাত্র তিন ফুটের মধ্যে কোনও বাধা উপস্থিত থাকে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে ব্রেক কষে থেমে যায়। এমনকি আরোহী চাইলে কণ্ঠস্বর দিয়েই নির্দেশ দিতে পারেন—“তিন ফুটের মধ্যেই দাঁড়িয়ে যাও”—আর মুহূর্তেই তা পালন করে ‘গরুড়’।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সবচেয়ে চমকপ্রদ বিষয়, বাইকটিতে কেউ বসে না থাকলেও ব্যস্ত রাস্তায় নিরাপদে চলার ক্ষমতা রয়েছে। এতে রয়েছে সম্পূর্ণ টাচস্ক্রিন ড্যাশবোর্ড, যেখানে জিপিএস নেভিগেশন (GPS Navigation), ফোন কানেক্টিভিটি ও মিউজিক প্লেব্যাকের সুবিধা পাওয়া যায়। সামনে ও পেছনে বসানো ক্যামেরার মাধ্যমে সারাক্ষণ লাইভ ভিডিও নজরে রাখা সম্ভব। ভারতে পথ দুর্ঘটনার সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে বিশেষজ্ঞদের মতে এমন এআই নির্ভর স্মার্ট বাইক (AI Bike) ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে। কম খরচে উন্নত প্রযুক্তির এই ‘গরুড়’ হয়তো আগামী দিনের নিরাপদ যাতায়াতের এক নতুন দিশা দেখাবে (AI Bike)।