Christmas Cake:কেক নষ্ট হয়ে যাচ্ছে? বড়দিনে কেক রাখার সঠিক নিয়ম জানলে আর চিন্তা নেই

অন্যান্য লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: ক্রিসমাস এলেই বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে কেকের মিষ্টি সুবাস। বাজারে চোখ রাখলেই দেখা মেলে নানা স্বাদের, নানা ধরনের কেক। প্লাম কেক, ফ্রুট কেক, ডান্ডি কেক—বড়দিনে এই কেকগুলির চাহিদা যেন কয়েক গুণ বেড়ে যায়। সারা বছর কেক খাওয়া হলেও, ক্রিসমাসের কেকের স্বাদ আর আবহ একেবারেই আলাদা। অনেকেই বাড়িতে নিজে হাতে কেক বেক করেন, আবার অনেকে পছন্দের বেকারি থেকে কিনে আনেন। আত্মীয়-বন্ধুদের কাছ থেকেও উপহার হিসেবে আসে একাধিক কেক। কিন্তু এত কেক একসঙ্গে খাওয়া সম্ভব নয়। তাই প্রশ্ন ওঠে—কেক রাখবেন কোথায়, আর কীভাবে রাখলে তা দীর্ঘদিন ভালো থাকবে?

আরও পড়ুন:Soha Ali Khan: মেয়েকে মোবাইল থেকে দূরে রাখতে কী করেন সোহা আলি খান? জানালেন নিজেই

ঠিক পদ্ধতিতে সংরক্ষণ করতে পারলে কেক অনায়াসেই এক মাস বা তারও বেশি সময় ধরে খাওয়া যায়, তাও স্বাদ ও নরম ভাব বজায় রেখে। বিশেষ করে ফ্রুট কেক বা প্লাম কেক সাধারণত রাম বা অন্য অ্যালকোহল দিয়ে তৈরি করা হয়, যা কেককে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করে। তবে কেক বানানোর পর বা কেনার পর প্রথম গুরুত্বপূর্ণ ধাপ হল, কেক পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা। গরম অবস্থায় কেক মোড়া হলে ভেতরের ভাপ আটকে গিয়ে কেক অতিরিক্ত নরম হয়ে যেতে পারে এবং স্বাদও নষ্ট হতে পারে। কেক ঠান্ডা হয়ে গেলে প্রথমে বাটার পেপার বা পার্চমেন্ট পেপারে ভালোভাবে মুড়ে নিন। তার পরে তার উপর পাতলা প্লাস্টিক র‍্যাপ বা অ্যালুমিনিয়াম ফয়েল জড়িয়ে দিন। এই ডাবল লেয়ার কভার কেকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং কেক দ্রুত শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে। যদি দীর্ঘদিন ধরে কেক খেতে চান, তবে বারবার পুরো কেক খুলে না রেখে প্রয়োজন অনুযায়ী অংশ কেটে নেওয়াই ভালো।

 

অনেকেই এক মাস বা তারও বেশি সময় ধরে ক্রিসমাস কেক খান। এই ক্ষেত্রে দু’সপ্তাহ অন্তর কেকের উপর সামান্য ওয়াইন, রাম বা অন্য অ্যালকোহল ব্রাশ দিয়ে লাগাতে পারেন। চাইলে গলানো মাখনও ব্যবহার করা যায়। এতে কেকের ভেতরের আর্দ্রতা বজায় থাকে এবং স্বাদ আরও সমৃদ্ধ হয়।

কেক সংরক্ষণের জায়গাটিও খুব গুরুত্বপূর্ণ। কেক কখনওই সরাসরি রোদে রাখবেন না। ফ্রিজে রাখলে কেক শক্ত হয়ে যেতে পারে। তার বদলে বায়ুনিরোধক পাত্রে ভরে এমন জায়গায় রাখুন, যেখানে ঠান্ডা ও শুষ্ক পরিবেশ থাকে। সবশেষে মনে রাখবেন, কেক কাটার সময় সবসময় পরিষ্কার হাত ও পরিষ্কার ছুরি ব্যবহার করা জরুরি। নোংরা হাত বা বাসি ছুরি ব্যবহার করলে কেক দ্রুত জীবাণুতে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যেতে পারে। একটু যত্ন নিলেই ক্রিসমাসের কেক অনেক দিন ধরে উপভোগ করা যাবে, তাও আগের মতোই সুস্বাদু ও নরম অবস্থায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole