Tulsi Benefits: তুলসীর গুণেই শীতে সুরক্ষা! চিবিয়ে খেতে না পারলে এই ৩ সুস্বাদু উপায়ে বাড়ান রোগ প্রতিরোধ ক্ষমতা

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: শীত পড়তেই চারপাশে সর্দি-কাশি, নাক দিয়ে জল পড়া, চোখ জ্বালা বা হালকা জ্বরের সমস্যা বেড়ে যায়। বিশেষ করে আবহাওয়ার এই বদলের সময়ে অনেকেই শীতের পোশাক পরতে আলসেমি করেন বা স্নানের সময় ঠান্ডা জল ব্যবহার করে ফেলেন। তার ফলেই সহজে ঠান্ডা লেগে যায়। এই ধরনের শীতকালীন রোগবালাই থেকে বাঁচতে সবচেয়ে জরুরি হল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আর সেই কাজে ঘরোয়া ও সহজ সমাধান হতে পারে তুলসী (Tulsi)।

আরও পড়ুন:Shreyash Iyer Fitness: বাইশ গজে ফিরলেন শ্রেয়স আইয়ার

ভারতীয় আয়ুর্বেদে তুলসীকে (Tulsi) ‘ঔষধিগুণের ভাণ্ডার’ বলা হয়। তুলসীতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-অক্সিড্যান্ট গুণ, যা শরীরকে নানা সংক্রমণের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। অনেক বাড়িতেই শিশুদের সর্দি-কাশি সারাতে মধু দিয়ে তুলসীপাতা চিবিয়ে খাওয়ানোর রেওয়াজ আছে। কিন্তু সবার পক্ষে কাঁচা তুলসীপাতা খাওয়া সহজ নয়। স্বাদ ভাল না লাগলে তুলসী খাওয়ার আরও কিছু সুস্বাদু ও কার্যকর উপায় রয়েছে।

১. তুলসী-হলুদ চা
তুলসীর সঙ্গে হলুদের জুড়ি শীতে অসাধারণ উপকারী। হলুদে থাকা কারকিউমিন শরীরের প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এক কাপ জলে কয়েকটি তুলসীপাতা ফুটিয়ে নিন। তার মধ্যে অর্ধ চা-চামচ হলুদ গুঁড়ো দিন। চাইলে সামান্য মধু যোগ করতে পারেন। দিনে এক থেকে দু’বার এই চা খেলে সর্দি-কাশির সমস্যা অনেকটাই কমে।

২. শসা-তুলসীর ডিটক্স জল
যাঁরা গরম পানীয় পছন্দ করেন না, তাঁদের জন্য এটি আদর্শ বিকল্প। সকালে একটি বোতলে কয়েকটি তুলসীপাতা, শসার টুকরো এবং সামান্য লেবুর রস দিয়ে জল ভরে রাখুন। সারা দিন ধরে অল্প অল্প করে এই জল পান করুন। এটি শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি টক্সিন বের করতে সাহায্য করে এবং ইমিউনিটি বাড়ায়।

৩. তুলসী-মশলা চা
শীতের দিনে মশলা চা শরীর গরম রাখে। এক পাত্র জলে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, সামান্য হলুদ ও জিরে দিয়ে ফুটিয়ে নিন। শেষে কয়েকটি তুলসীপাতা যোগ করুন। ভাল করে ফুটে উঠলে ছেঁকে নিয়ে পান করুন। এই চা বুকে জমে থাকা কফ কমায় এবং ভাইরাসজনিত সংক্রমণ থেকে সুরক্ষা দেয়।

নিয়মিত এই উপায়গুলিতে তুলসী খেলে শীতের ছোটখাটো অসুখ থেকে অনেকটাই দূরে থাকা সম্ভব। ঘরোয়া এই সহজ অভ্যাসই হতে পারে সুস্থ শীত কাটানোর চাবিকাঠি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole