নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিন ধরেই বিশ্বাস করা হয়ে এসেছে যে, পৃথিবীতে কোনও দু’জন মানুষের আঙুলের ছাপ এক নয় (Fingerprint Research)। এমনকি একই মানুষের দশটি আঙুলের ছাপও একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা— এই ধারণাই ফরেন্সিক বিজ্ঞানের ভিত্তি। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা সেই বহু বছরের প্রতিষ্ঠিত ধারণাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে (Fingerprint Research)। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যাট বাফেলোর গবেষকদের যৌথ উদ্যোগে হওয়া এই গবেষণায় দাবি করা হয়েছে, একই ব্যক্তির ভিন্ন ভিন্ন আঙুলের ছাপের মধ্যেও উল্লেখযোগ্য মিল থাকতে পারে। যদিও আঙুলের গড়ন আলাদা হওয়ার কারণে তাদের ছাপ পুরোপুরি এক নয়, তবু সামগ্রিক গঠন ও রেখার প্রবণতার মধ্যে একটি সাদৃশ্য লক্ষ্য করা যায় (Fingerprint Research)।
গবেষণার জন্য বিজ্ঞানীরা ৬০ হাজারেরও বেশি আঙুলের ছাপ বিশ্লেষণ করেন। এই বিশ্লেষণে ব্যবহার করা হয় কৃত্রিম মেধা বা এআই (Artificial Intelligence) নির্ভর একটি বিশেষ টুল। আগে থেকেই প্রশিক্ষিত এই এআই জানত কোন কোন ছাপ একই ব্যক্তির, এমনকি কোন দুটি ছাপ একই মানুষের আলাদা আঙুলের কি না— সেটিও শনাক্ত করতে পারত। এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞানপত্রিকা ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ। প্রথাগত ফরেন্সিক পদ্ধতিতে আঙুলের ছাপ বিশ্লেষণের সময় খুব সূক্ষ্ম বিষয়— যেমন রেখার ভাঙন, শেষ হওয়ার জায়গা বা বিভাজনের উপর গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এই নতুন গবেষণায় বিজ্ঞানীরা নজর দিয়েছেন ছাপের সামগ্রিক গঠনের দিকে (Fingerprint Research)। রেখাগুলি কোন দিকে বাঁক নিচ্ছে বা কী ভাবে বিস্তৃত হচ্ছে— এই বৈশিষ্ট্যগুলিকে গুরুত্ব দিয়েই এআই মিল খুঁজে পেয়েছে। তবে এই প্রযুক্তি এখনও শতভাগ নির্ভুল নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
গবেষকদের দাবি অনুযায়ী, একই ব্যক্তির আঙুলের ছাপ শনাক্ত করতে এআই ৭৫ থেকে ৯০ শতাংশ ক্ষেত্রে সঠিক ফল দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এআই ঠিক কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছচ্ছে— তা বিজ্ঞানীরাও পুরোপুরি ব্যাখ্যা করতে পারছেন না। এই গবেষণা ফরেন্সিক তদন্তে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। বিশেষ করে যেখানে অপরাধস্থলে আংশিক বা অসম্পূর্ণ আঙুলের ছাপ পাওয়া যায়, সেখানে সন্দেহভাজনের সংখ্যা দ্রুত কমাতে এই পদ্ধতি সহায়ক হতে পারে (Fingerprint Research)। যদিও গবেষকরাই মানছেন, আদালতে প্রমাণ হিসেবে ব্যবহারের আগে আরও বিস্তৃত ও গভীর গবেষণা প্রয়োজন। আঙুলের ছাপ যে পুরোপুরি “অতুলনীয়” নয়— এই ধারণা ফরেন্সিক বিজ্ঞানে এক নতুন আলোচনার সূচনা করল বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ (Fingerprint Research)।
