নিউজ পোল ব্যুরো: অমিত শাহের (Amit Shah) ‘ভোকাল টনিক’-এ নতুন করে চনমনে হয়ে উঠেছেন বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। দীর্ঘ বিরতির পর ফের দলের রাজ্য কার্যালয় থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিলেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি পুরোপুরি ময়দানে নামছেন। তাঁর বক্তব্যেই পরিষ্কার, ছাব্বিশই তাঁর লক্ষ্য। দিলীপ ঘোষ (Dilip Ghosh) সোজাসাপ্টা বলেন, “অমিত শাহ নিজেই আমাকে মাঠে নামতে বলেছেন। তাই আমি নেমে পড়েছি।”
আরও পড়ুন: J P Nadda: শাহের পর এবার নাড্ডা! শমীক ভট্টাচার্যের আমন্ত্রণে কি ফের বঙ্গে আসছেন বিজেপি সভাপতি?
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকের পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, দিলীপ ঘোষ (Dilip Ghosh) আবার সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন। সেই জল্পনাই বাস্তব রূপ নিল বৃহস্পতিবার। প্রায় আট মাস পর দুপুরবেলায় সল্টলেকে বিজেপির রাজ্য কার্যালয়ে পৌঁছন তিনি। সেখানে দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে নিজের পুরনো ছন্দেই ধরা দেন প্রাক্তন সাংসদ।
দলের অন্দরে দীর্ঘদিন কোণঠাসা থাকার প্রসঙ্গ উঠলেও, সেই প্রশ্নে একেবারেই আক্রমণাত্মক দিলীপ (Dilip Ghosh) । তিনি স্পষ্ট করে বলেন, “আমি সব সময় দলে আছি। মাঠ জুড়ে খেলব। ছয় বছর রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছি। পরে অন্য কাজ করেছি। আজ শমীকদার সঙ্গে কথা হয়েছে। দল যেভাবে আমাকে চাইবে, সেভাবেই আমি লড়ব।” তাঁর কথায় আত্মবিশ্বাসের ঘাটতি ছিল না।
এদিন সাংবাদিক বৈঠকে নাম না করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও বিঁধেছেন দিলীপ। গত লোকসভা নির্বাচনের সময় প্রচারে গিয়ে দলের একাংশের বিক্ষোভ ও কালো পতাকা দেখানোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বিজেপির কর্মীরা কোনওদিন আমাকে কালো পতাকা দেখায়নি। এখন অনেক নতুন লোক দলে এসেছে। এটাই ওদের সংস্কৃতি। কখন কাকে কী দেখাতে হয়, সেটা ওরা গুলিয়ে ফেলে। টিএমসি থেকে আসা কিছু লোকই এসব করেছে।” পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, এঁরা দলে থাকবে না চলে যাবে, সেটাও সময়ই বলবে।
বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন উঠলে দিলীপ ঘোষ স্পষ্ট জানান, দল চাইলে তাঁর কোনও আপত্তি নেই। শেষ পর্যন্ত ছাব্বিশে বিজেপি কি হারানো জমি ফিরে পাবে এই প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াইয়ের উদাহরণ টানেন তিনি। দিলীপের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন লড়াই করে ক্ষমতায় এসেছেন? লড়াই ছাড়া কিছু হয় না। লোক আসবে, যাবে। কিন্তু আন্দোলন থেকে সরে গেলে চলবে না।” তাঁর এই বার্তাই স্পষ্ট করে দিচ্ছে, ২০২৬-এর লড়াইয়ে দিলীপ ঘোষ এবার আর পিছনে দাঁড়িয়ে থাকতে রাজি নন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
