নিউজ পোল ব্যুরো: প্রায় দু’বছর আগে মুরলীধর সেন লেনের বিজেপি কার্যালয় থেকে কার্যত ‘ঘরছাড়া’ হয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই সময় তাঁর ব্যবহার করা ঘর থেকে খুলে নেওয়া হয়েছিল এসি ও টিভি যা রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে উঠেছিল। কিন্তু সময় বদলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকের পরই ফের নিজের পুরনো দাপট ও গুরুত্ব ফিরে পেয়েছেন বঙ্গ বিজেপির (BJP) এই নেতা। মুরলীধরে জায়গা হারালেও এবার সল্টলেকের (Saltlake) রাজ্য কার্যালয়ে নিজের আলাদা ঘর পেলেন দিলীপ ঘোষ যা তাঁর রাজনীতিতে প্রত্যাবর্তনের স্পষ্ট ইঙ্গিত বলেই মনে করছে দল।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আর বেশি সময় নেই। বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝে গিয়েছে, দিলীপ ঘোষের (Dilip Ghosh) মতো নেতাকে উপেক্ষা করা মানেই দলের ক্ষতি ডেকে আনা। চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবির পর সেই উপলব্ধি আরও স্পষ্ট হয়েছে। তাই দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে দিলীপকে ফের সক্রিয় ভূমিকায় আনতে উদ্যোগী হন খোদ অমিত শাহ। শাহী বার্তায় স্পষ্ট করে দেওয়া হয়েছে ছাব্বিশে নিজেদের অন্তর্কলহের জেরে কোনও ব্যর্থতা মেনে নেওয়া হবে না। বাংলায় সরকার গঠনের লক্ষ্যে সবাইকে একসঙ্গে লড়তে হবে।
এই বার্তা পেয়ে ফের চনমনে দিলীপ ঘোষও (Dilip Ghosh)। তিনি প্রকাশ্যেই জানিয়েছেন, দলের জন্য তিনি অতীতেও ছিলেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তবে প্রশ্ন উঠছে ফিরে এসে তিনি ঠিক কোন দায়িত্ব পেতে পারেন? একসময় গোটা রাজ্যের সংগঠন সামলানো এই নেতাকে রাজ্যের পাঁচটি জোনের একটির দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা চলছিল। কিন্তু তাতেও রয়েছে জটিলতা।
দীর্ঘদিন সংগঠন থেকে দূরে থাকায় দিলীপের বহু অনুগামীও নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। তিনি ফের সক্রিয় হতেই সেই কর্মীরা আবার মাঠে নামবেন বলে আশাবাদী দল। এই অবস্থায় দিলীপকে শুধু একটি জোনের দায়িত্ব দিলে তাঁর অনুগামীদের মন ভাঙতে পারে, যার প্রভাব ভোটের ফলাফলেও পড়তে পারে বলে আশঙ্কা। তাই বিষয়টি নিয়ে যথেষ্ট সতর্ক বিজেপি নেতৃত্ব।
দলীয় সূত্রে খবর, দিলীপ ঘোষকে রাজ্য কমিটিতে বড়সড় ও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। যদিও বিষয়টি এখনও পুরোপুরি চূড়ান্ত নয়। তবে শুধু সল্টলেক কার্যালয়ে ঘর দেওয়া বা সাংগঠনিক পদই নয় ছাব্বিশের নির্বাচনী প্রচারের মুখ হিসেবেও দিলীপকে সামনে রাখার সিদ্ধান্ত নিয়েছে পদ্মশিবির। দীর্ঘদিন মোদি-শাহের সভামঞ্চে অনুপস্থিত থাকা দিলীপ এবার ফের পুরনো ছন্দে প্রচারে নামবেন বলেই খবর। মঞ্চ থেকে তাঁর চেনা ভঙ্গিতে কর্মী-সমর্থকদের ‘ভোকাল টনিক’ দেওয়া হবে। বিজেপির শীর্ষ নেতৃত্বের বিশ্বাস, দিলীপ ঘোষকে সামনে রেখে লড়লে ছাব্বিশের ভোটে তার ইতিবাচক প্রভাব পড়বেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
