নিউজ পোল ব্যুরো: সুপার কাপে যে রহস্য দানা বেধেছিল সেটাই সত্যি হল। ইস্টবেঙ্গল (EastBengal) ছাড়লেন হামিদ আহদাদ (Hamid Ahdad)। অনেকদিন ধরে চলা জল্পনায় সিলমোহর দিয়ে অবশেষে ক্লাব ছাড়লেন মরোক্কান স্ট্রাইকার। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পক্ষের পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মরক্কোর ফুটবলে হামিদ আহদাদ খুবই পরিচিত নাম। ১৫ মিনিটে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। ২০১৯ সালের আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের দ্বিতীয় লেগের খেলা। রাজা কাসাব্লাঙ্কা বনাম ওয়াইদাদ অ্যাথলেটিক ক্লাবের ম্যাচ ছিল। কাসাব্লাঙ্কা ডার্বি নামে যা পরিচিত। সেই ডার্বিতে একার হাতে ম্যাচের রং বদলে দিয়েছিলেন হামিদ আহদাদ। ৪-১-এ পিছিয়ে থাকা রাজা কাসাব্লাঙ্কা শেষমেশ ম্যাচ ড্র করে। আর তার পিছনে ছিল হামিদ আহদাদের ভূমিকা। তা দেখে মরশুমের শুরুতে অনেক প্রত্যাশা নিয়ে হামিদ আহদাদকে দলে নিয়েছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। কিন্তু মাঠে নেমে নামের প্রতি সুবিচার করতে পারেননি এই স্ট্রাইকার। গোল করার সুযোগ নষ্ট করা এবং কোচের কৌশলের সাথে মানিয়ে নিতে না পারাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। এর পাশাপাশি হেড কোচ অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) পরিকল্পনায় আহদাদ ফিট করছিলেন না বলেও মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। মূলত আক্রমণভাগকে আরও শক্তিশালী এবং কার্যকরী করার লক্ষ্যেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইস্টবেঙ্গল যে এমন কোনও সিদ্ধান্ত নিতে পারে তা আঁচ করা গেছিল সুপার কাপে। সেখানে হামিদ আহদাদকে অনুশীলনে রেগে বেরিয়ে যেতেও দেখা গেছে। আবার দলে জায়গা না পেয়ে গ্যালারিতেও বসে থাকতে দেখা গেছে। সেখান থেকেই শুরু রহস্যের। অবশেষে যা হওয়ার ছিল তাই হল৷

আহদাদের বিদায়ে ইস্টবেঙ্গলের বিদেশি কোটায় একটি জায়গা ফাঁকা হলো। সূত্রের খবর, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে একজন নতুন এবং তুখোড় গোলস্কোরার আনার চেষ্টা করছে ক্লাব কর্তৃপক্ষ। অস্কার ব্রুজোঁ এমন একজনকে খুঁজছেন যিনি বিপক্ষের বক্সে ত্রাস সৃষ্টি করতে পারবেন এবং দলের প্লে-অফ যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ মনে করছেন আহদাদকে আরও সময় দেওয়া উচিত ছিল, তবে অধিকাংশ সমর্থকই ক্লাবের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তাঁদের মতে, নামী ফুটবলারের চেয়ে বর্তমানে এমন একজন প্লেয়ার প্রয়োজন যিনি গোল করে দলকে জয় এনে দিতে পারবেন।
