Manoj Kothari: প্রয়াত মনোজ কোঠারি

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারতের ক্রীড়া মানচিত্রের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, প্রাক্তন বিশ্ব বিলিয়ার্ডস (Billiards) চ্যাম্পিয়ন মনোজ কোঠারি (Manoj Kothari) প্রয়াত হয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর তিরুনেলভ্যালিতে অবস্থিত একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মারাত্মক হৃদরোগে আক্রান্ত হন। বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর প্রয়াণে কেবল ভারতের নয়, আন্তর্জাতিক বিলিয়ার্ডস ও স্নুকার মহলেও একটি যুগের অবসান ঘটল।

আরও পড়ুন:Hamid Ahdad : ইস্টবেঙ্গল ছাড়লেন হামিদ আহদাদ

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন মনোজ। সেকারণে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। মাত্র ১০ দিন আগে তাঁর লিভার রিপ্লেসমেন্ট করা হয়। চিকিৎসকরা জানান, অপারেশন সফল হয়েছে। কিন্তু, এদিন তিনি আচমকা হৃদরোগে আক্রান্ত হলেন। আর সেইসঙ্গে নিভল জীবন প্রদীপও।

পরিবারের এক সদস্য জানিয়েছেন, ‘অপারেশন যথেষ্টই সফল হয়েছিল। তৃতীয় দিন তিনি উঠে বসে ছিলেন এবং পরিবারের সকলের সঙ্গে কথাও বলেন। তবে কয়েকদিন আগে একটি লাং ইনফেকশন হয়। অবশেষে সোমবার সকাল সাড়ে সাতটায় মারাত্মক হৃদরোগে আক্রান্ত হন।’

মনোজ কোঠারি (Manoj Kothari) ছিলেন সেই বিরল প্রতিভাদের একজন, যাঁরা সবুজ গালিচার খেলায় ভারতকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় ছিল ১৯৯০ সাল, যখন তিনি বিশ্ব অপেশাদার বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেন। তাঁর সেই জয় কেবল ব্যক্তিগত সাফল্য ছিল না, বরং তা ভারতের তরুণ প্রজন্মের কাছে বিলিয়ার্ডসকে জনপ্রিয় করে তুলেছিল।

খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি নিজেকে সরিয়ে নেননি। বরং কোচ হিসেবে নিজেকে নিয়োজিত করেছিলেন। ভারতের জাতীয় কোচ হিসেবে তিনি পঙ্কজ আদভানি ও সৌরভ কোঠারির মতো বিশ্বমানের খেলোয়াড়দের তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার তীক্ষ্ণ বুদ্ধি এবং খেলার কৌশল বিশ্লেষণ করার ক্ষমতা ছিল অতুলনীয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাঁকে সম্মানজনক অর্জুন পুরস্কারে ভূষিত করেছিল। এছাড়াও তিনি অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মান লাভ করেছেন। তবে তার কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল তাঁর ছাত্রদের সাফল্য। মনোজ কোঠারির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন দেশের ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে পঙ্কজ আদভানির মতো কিংবদন্তি খেলোয়াড়রা। শোকবার্তায় সকলেই তাঁর অমায়িক ব্যবহার এবং খেলার প্রতি তাঁর নিবেদনের কথা স্মরণ করেছেন। তার প্রয়াণে ভারতীয় বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশন (BBSF) জানিয়েছে, “মনোজ কোঠারির অভাব পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন একজন প্রকৃত মেন্টর এবং পথপ্রদর্শক।”