মোদীকে একা ফেলে ISA ছাড়লেন ট্রাম্প! কেন এই ঐতিহাসিক জোট থেকে সরছে আমেরিকা?

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে গড়ে ওঠা আন্তর্জাতিক সৌর জোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (ISA) থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই পদক্ষেপ শুধু বৈশ্বিক জলবায়ু লক্ষ্যপূরণকে প্রশ্নের মুখে ফেলছে না, একইসঙ্গে গত তিন দশকে গড়ে ওঠা ভারত–মার্কিন কূটনৈতিক সম্পর্কেও বড়সড় প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: High Court: কলকাতা হাই কোর্টে ধাক্কা ইডির! গ্রাহ্য হল না ‘জরুরি’ শুনানির আর্জি, বড় স্বস্তিতে অভিযুক্ত পক্ষ

২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ জলবায়ু সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের যৌথ উদ্যোগে জন্ম নেয় ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। এই জোটের মূল উদ্দেশ্য ছিল সৌরশক্তির প্রসার ঘটানো এবং ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করা। উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলিকে কম খরচে সৌর প্রযুক্তি সরবরাহ করে পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়ানোই ছিল এই উদ্যোগের কেন্দ্রবিন্দু। আইএসএ-র (ISA) সদর দপ্তর গড়ে তোলা হয় ভারতের গুরুগ্রামে, যেখান থেকে সংস্থার সমস্ত কার্যক্রম পরিচালিত হয়।

২০২১ সালের নভেম্বর মাসে জো বাইডেনের নেতৃত্বে আমেরিকা এই জোটে যোগ দিয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় আসার পর একের পর এক আন্তর্জাতিক সংগঠন থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে আমেরিকা। সেই ধারাবাহিকতায় এবার আইএসএ থেকেও বেরিয়ে গেল তারা। শুধু আইএসএ (ISA) নয়, মোট ৬৬টি আন্তর্জাতিক সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে সই করেছেন ট্রাম্প, যার মধ্যে ৩১টি সংগঠন সরাসরি রাষ্ট্রসংঘের সঙ্গে যুক্ত। হোয়াইট হাউসের যুক্তি, এই সংগঠনগুলি নাকি মার্কিন স্বার্থ পূরণে ব্যর্থ।

এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তুলেছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের সময়ে আমেরিকার মতো শক্তিধর দেশের এমন সরে দাঁড়ানো বৈশ্বিক উদ্যোগকে দুর্বল করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি, একই সময়ে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রতিরক্ষা বাজেট ৫০ শতাংশ বাড়িয়েছে, যা আরও বিতর্ক উসকে দিয়েছে।

তবে ভারতের অবস্থান যথেষ্ট দৃঢ়। সূত্রের খবর, ভারত স্পষ্ট জানিয়েছে, আমেরিকা সরে গেলেও আইএসএ-র লক্ষ্য ও কার্যক্রমে কোনও প্রভাব পড়বে না। বর্তমানে ১০০-র বেশি দেশ এই জোটের সঙ্গে যুক্ত রয়েছে এবং সৌরশক্তির প্রসারে আইএসএ (ISA) তার নির্ধারিত লক্ষ্যের দিকেই এগিয়ে যাবে। ভারত মনে করছে, টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতাই শেষ পর্যন্ত জয়ী হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole