নিউজ পোল ব্যুরো: বইপ্রেমীদের জন্য এ বছর এক দারুণ সুখবর নিয়ে হাজির ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Kolkata Book Fair 2026)। মেলার সময় যাতায়াত আরও সহজ ও ঝঞ্ঝাটমুক্ত করতে বিশেষ পরিষেবা চালু করছে কলকাতা মেট্রো। মেলা প্রাঙ্গণের গেট থেকেই এবার কাটা যাবে মেট্রোর টিকিট (Metro Ticket)। জানা গিয়েছে, সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলার ১ নম্বর ও ২ নম্বর গেটে বসানো হবে কলকাতা মেট্রোর বিশেষ বুথ (Kolkata Book Fair 2026)। সেখানে ইউপিআই পেমেন্টের মাধ্যমে সহজেই মেট্রো টিকিট কিনতে পারবেন পাঠক ও দর্শনার্থীরা। আগামী ২২ জানুয়ারি থেকে সল্টলেক সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Kolkata Book Fair 2026)। এই উপলক্ষে সোমবার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে। বৈঠকে গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে জানান, হাওড়া-শিয়ালদহ মেট্রো করিডর চালু হয়ে যাওয়ায় শহর ও শহরতলি—দুই দিক থেকেই সল্টলেকে পৌঁছনো এখন অনেক সহজ। তার ফলে এবছর বইমেলায় দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেই আশা করা হচ্ছে।
আরও পড়ুন : Weather Update : মেঘ কাটতেই কামড় বসাল শীত! মকর সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস রাজ্যজুড়ে
এই বাড়তি ভিড়ের কথা মাথায় রেখেই গিল্ডের পক্ষ থেকে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের কাছে বিশেষ পরিষেবার আবেদন জানানো হয়েছিল। সেই অনুরোধে সাড়া দিয়ে মেট্রো কর্তৃপক্ষ বইমেলার জন্য অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে, প্রতিদিন রাত ১০টা পর্যন্ত মিলবে মেট্রোর পরিষেবা। শুধু তাই নয়, ছুটির দিনগুলিতেও এই বাড়তি মেট্রো পরিষেবা বজায় থাকবে, যাতে বইপ্রেমীদের যাতায়াতে কোনও সমস্যা না হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সহ-সভাপতি অশোকনারায়ণ বর্মন, যুগ্ম সম্পাদক শুভঙ্কর দে, কোষাধ্যক্ষ রাজু বর্মন-সহ গিল্ডের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য ও অতিথিরা। এদিন বইমেলার বিভিন্ন দিক ও আয়োজন নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় (Kolkata Book Fair 2026)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-
https://youtube.com/@thenewspole
উল্লেখযোগ্য বিষয় হল, এ বছর কলকাতা বইমেলা ৪৯ বছরে পা দিল। বিশ্বের ২০টি দেশ এই বইমেলায় অংশ নিচ্ছে। তবে দুঃখের বিষয়, গত বছরের মতো এবারও বাংলাদেশ বইমেলায় অংশগ্রহণ করছে না। তবুও দেশ-বিদেশের অসংখ্য প্রকাশক, লেখক ও পাঠকের মিলনমেলায় পরিণত হতে চলেছে এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলা—এমনটাই আশা করছেন আয়োজকরা।
