নিউজ পোল ব্যুরো: ট্রাফিক আইন ভাঙার অভিযোগে জরিমানা বাবদ ১০০০ টাকা দেওয়ার নির্দেশ—এমন বার্তা হঠাৎই হোয়াট্সঅ্যাপে আসছে বহু মানুষের ফোনে। বার্তার সঙ্গে থাকছে একটি লিঙ্ক বা এপিকে (APK) ফাইল। দাবি করা হচ্ছে, ওই লিঙ্কে ক্লিক করে বা অ্যাপটি ডাউনলোড করলেই নাকি জরিমানার চালান দেখা যাবে এবং সেখান থেকেই টাকা জমা দেওয়া যাবে। কিন্তু বাস্তবে এটি একটি ভয়ংকর সাইবার প্রতারণার ফাঁদ (Cyber Fraud)। একবার ভুল করে সেই লিঙ্কে ঢুকলেই বা অ্যাপ ইনস্টল করলেই মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Cyber Fraud)।
সম্প্রতি এই ধরনের প্রতারণার একাধিক অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে। গত বছরের ডিসেম্বর মাসে পর্ণশ্রী থানা এলাকার হেমন্ত মুখোপাধ্যায় রোডের বাসিন্দা কুণাল মাইতি এই প্রতারণার শিকার হন। হোয়াট্সঅ্যাপে পাওয়া একটি বার্তায় জানানো হয়েছিল, ট্রাফিক আইন ভাঙার কারণে তাকে জরিমানা দিতে হবে। চালান দেখার জন্য পাঠানো লিঙ্কে ক্লিক করতেই তার ফোনে একটি অ্যাপ ডাউনলোড হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই একের পর এক ওটিপি আসতে শুরু করে। বুঝে ওঠার আগেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা তুলে নেয় প্রতারকেরা (Cyber Fraud)। পরে তিনি পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।সাইবার বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখোপাধ্যায় জানান, এখন গাড়ির নম্বর ব্যবহার করে কারও ফোন নম্বর সংগ্রহ করা প্রতারকদের পক্ষে খুব একটা কঠিন নয়। এই সুযোগকেই তারা কাজে লাগাচ্ছে। যে লিঙ্ক বা এপিকে ফাইল পাঠানো হয়, তার মধ্যে থাকে ‘রিমোট অ্যাকসেস’ (Remote Access App) বা ‘রিমোট ডেস্কটপ’ প্রযুক্তি। একবার এই অ্যাপ ইনস্টল হয়ে গেলে ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে (Cyber Fraud)। ফোনে কী হচ্ছে, কোন ওটিপি আসছে—সবই তারা দেখতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
অনেক ক্ষেত্রে প্রতারকেরা সরাসরি ফোন করে ধাপে ধাপে বুঝিয়ে দেয় কীভাবে লিঙ্ক খুলতে বা অ্যাপ ডাউনলোড করতে হবে। সাধারণ মানুষ বিষয়টি না বুঝে নির্দেশ মেনে চলেন এবং তাতেই সর্বনাশ। বিশেষজ্ঞদের স্পষ্ট পরামর্শ, সরকারি ই-চালান কখনও হোয়াট্সঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় না এবং সরকারের কোনও নির্দিষ্ট হোয়াট্সঅ্যাপ নম্বর নেই। অচেনা নম্বর থেকে আসা লিঙ্কে কখনও ক্লিক করবেন না, কোনও এপিকে ফাইল ডাউনলোড করবেন না। সন্দেহজনক নম্বর সঙ্গে সঙ্গে ব্লক করুন। একই ধরনের প্রতারণা ব্যাঙ্কিং ক্ষেত্রেও হতে পারে, তাই সর্বত্র সতর্ক থাকাই একমাত্র উপায় (Cyber Fraud)।
