নিউজ পোল ব্যুরো: শরীরের সুস্থতা বজায় রাখতে যে সব খনিজ উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে অন্যতম হলেও প্রায়শই অবহেলিত থেকে যায় ম্যাগনেশিয়াম। দৈনন্দিন জীবনে আমরা প্রোটিন, ক্যালশিয়াম বা বিভিন্ন ভিটামিন নিয়ে যতটা সচেতন থাকি, ম্যাগনেশিয়ামের কথা ততটা ভাবা হয় না। অথচ চিকিৎসকদের মতে, মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখা, স্নায়ুর স্বাস্থ্য রক্ষা করা এবং মানসিক স্থিতি ধরে রাখতে এই খনিজটির ভূমিকা অপরিসীম।
আরও পড়ুন: WhatsApp: হোয়াটসঅ্যাপ প্রোফাইলে বড় বদল, কভার ফটো ফিচার আনছে মেটা
ফ্লোরিডার স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. রবার্ট লাভের মতে, ম্যাগনেশিয়াম শুধু হাড় বা পেশির জন্য প্রয়োজনীয় নয়, এটি স্নায়ুতন্ত্রের কার্যকলাপ নিয়ন্ত্রণ, ভালো ঘুম, শক্তি উৎপাদন এবং মানসিক চাপ কমানোর ক্ষেত্রেও সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে আধুনিক ব্যস্ত জীবনে মানসিক উদ্বেগ ও ঘুমের সমস্যার পেছনে ম্যাগনেশিয়ামের ঘাটতি একটি বড় কারণ হতে পারে।

শরীরে ম্যাগনেশিয়ামের ভূমিকা কী?
ম্যাগনেশিয়াম শরীরের ভেতরে প্রায় ৩০০-র বেশি জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অংশ নেয়। এটি স্নায়ুর অতিরিক্ত উত্তেজনা কমিয়ে মন শান্ত রাখতে সাহায্য করে। পেশির সংকোচন ও শিথিল— দুই ক্ষেত্রেই এই খনিজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পাশাপাশি শরীরে শক্তি উৎপাদন প্রক্রিয়াকে সক্রিয় করে ক্লান্তি কমাতে সাহায্য করে। হাড় মজবুত রাখা, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ম্যাগনেশিয়াম অপরিহার্য। ভিটামিন ডি শরীরে সঠিকভাবে কাজ করার জন্যও এই খনিজের প্রয়োজন হয়। ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে পেশিতে টান ধরা, সব সময় ক্লান্ত লাগা, ঘুমের সমস্যা, অস্থিরতা, এমনকি স্নায়বিক জটিলতাও দেখা দিতে পারে। তাই প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
কোন খাবার থেকে মিলবে ম্যাগনেশিয়াম?
প্রাকৃতিক খাবার থেকেই সহজে ম্যাগনেশিয়ামের চাহিদা মেটানো সম্ভব। কুমড়োর বীজ ও অন্যান্য বীজ, পালংশাক ও সবুজ শাকসবজি, চাল ও ডালজাতীয় খাবার, ছোলা ও রাজমা, টোফু, বিভিন্ন দানাশস্য, কাঠবাদাম-কাজু-চিনেবাদামের মতো বাদাম, ডার্ক চকোলেট, অ্যাভোকাডো এবং ইয়োগার্ট, সবই ম্যাগনেশিয়ামের ভালো উৎস। নিয়মিত সুষম খাদ্যাভ্যাস বজায় রাখলে এই গুরুত্বপূর্ণ খনিজের ঘাটতির ঝুঁকি অনেকটাই কমানো যায়।
