নিউজ পোল ব্যুরো: গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরকে কেন্দ্র করে আয়োজিত ‘মেসি অল স্টার’(Messi All Star Match) ম্যাচ পরিচালনা করার দায়ে চারজন রেফারিকে নির্বাসিত করেছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA)। একইসঙ্গে শাস্তির মুখে পড়েছেন ম্যাচের কমিশনারও।
আরও পড়ুন: Kolkata Knight Riders : কেকেআরে যোগ দিলেন দিশান্ত ইয়াগনিক
মেসির সফর উপলক্ষে যুবভারতীতে ‘মোহনবাগান মেসি অল স্টার’ (Mohun Bagan All Star Match) বনাম ‘ডায়মন্ড হারবার মেসি অল স্টার’(Dimond Harbour All Star) -এর একটি প্রদর্শনী ম্যাচ আয়োজিত হয়েছিল। অভিযোগ উঠেছে যে, ওই ম্যাচটি পরিচালনার জন্য আইএফএ বা রেফারি সংস্থার কাছ থেকে প্রয়োজনীয় কোনও অনুমতি নেওয়া হয়নি। নিয়ম লঙ্ঘনের দায়ে চার রেফারি— রোহন দাশগুপ্ত, দেবদত্ত মণ্ডল, নীলরতন সরকার এবং দেবব্রত নস্করকে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে রোহন দাশগুপ্তকে ১ বছরের জন্য এবং বাকি তিনজনকে ৬ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। এছাড়াও ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তীকেও ৬ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত (Anirban Dutta) জানিয়েছেন, ‘নিয়মের ঊর্ধ্বে কেউ নন। নির্বাসনের এই সময়কালে তাঁরা আইএফএ পরিচালিত কোনো টুর্নামেন্ট বা ম্যাচে রেফারির দায়িত্ব পালন করতে পারবেন না। গত মঙ্গলবার ও বুধবার তাঁদের আইএফএ দপ্তরে তলব করা হয়েছিল এবং তাঁদের বক্তব্য শোনার পরেই এই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।’ তিনি আরও জানান, ‘নির্বাসনের মেয়াদে এই রেফারিরা আইএফএ পরিচালিত কোনও ম্যাচের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এই রেফারিদের সঙ্গে যোগাযোগ করার জন্য প্রাক্তন ফুটবলার তথা ডালহৌসির কোচ সুপ্রিয় দাশগুপ্তকেও তলব করা হয়েছে।’ তাঁকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে বলে জানা গেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেস মেসি। তাঁর কলকাতা সফর নিয়ে চড়ছিল আবেগের পারদ। যুবভারতী স্টেডিয়ামে মেসিকে একঝলক দেখতে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন বহু মানুষ। কিন্তু, মেসিকে তাঁরা দেখতে পাননি। যুবভারতী স্টেডিয়ামের ভিতর মেসির আশপাশে এত ভিড় হয়ে যায়, দর্শকদের পক্ষে মেসিকে দেখা সম্ভব হয়নি। ওই পরিস্থিতিতে মেসিও মাঠ ছেড়ে চলে যান। এই ঘটনার পরেই গোটা মাঠ জুড়ে ভাঙচুর চালান উত্তেজিত জনতা। ভিড় নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় পুলিশকে। যুবভারতীতে বিশৃঙ্খলা ছবি দেখেছে সারা দেশ। এরপরেই গ্রেফতার করা হয় মূল আয়োজককারী শতদ্রু দত্তকে। কিছুদিন আগে এই ঘটনার ৩৭ দিন পর জামিনে মুক্ত হন তিনি।
