Red Road: রেড রোডে কুচকাওয়াজের মহড়ায় দুর্ঘটনা! ফিরল ১০ বছর আগের সেই বায়ুসেনা আধিকারিক মৃত্যুর স্মৃতি

কলকাতা

নিউজ পোল ব্যুরো: সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন কলকাতার রেড রোডে (Red Road) ফের এক দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ, মহড়ার নিরাপত্তায় মোতায়েন পুলিশকর্মীরা আচমকাই একটি কালো রঙের বিলাসবহুল গাড়িকে অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে আসতে দেখেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশ গাড়িটিকে থামানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার গার্ডরেলে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ময়দান থানার পুলিশ চালক-সহ গাড়িটিকে আটক করে।

আরও পড়ুন: Uttar Pradesh : এমবিবিএস-এ ভর্তি হতে ভয়ংকর কাণ্ড! শারীরিক প্রতিবন্ধী কোটার লোভে নিজের পায়ের আঙুল কাটল যুবক

প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটিতে তিন থেকে চারজন কমবয়সি যুবক-যুবতী ছিলেন এবং গাড়ির গতি ছিল অস্বাভাবিকভাবে বেশি। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার জেরে এলাকাজুড়ে (Red Road) আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ফের ফিরে আসে ২০১৬ সালের সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি, যখন রেড রোডেই বায়ুসেনার এক আধিকারিকের মৃত্যু হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক করা গাড়িটির কাগজপত্র খতিয়ে দেখে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। বিশেষ করে গাড়ির ইনসিওরেন্স এবং দূষণ সংক্রান্ত নথি সঠিক ছিল না বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের মহড়া চলাকালীনই রেড রোডে (Red Road) একটি দ্রুতগতির অডি গাড়ির ধাক্কায় বায়ুসেনা কর্মী অভিমন্যু গৌড়ের মৃত্যু হয়। সেই ঘটনায় গোটা শহর স্তব্ধ হয়ে গিয়েছিল। এ দিনের দুর্ঘটনা সেই দুঃসহ স্মৃতিকেই নতুন করে উসকে দিল। নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole