নিউজ পোল ব্যুরো: এমবিবিএস-এ (MBBS admission) ভর্তি হওয়ার তীব্র বাসনা যে কতটা ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে, তারই চরম উদাহরণ উঠে এল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জৌনপুর জেলা থেকে। চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজেরই বাম পায়ের চারটি আঙুল কেটে ফেলল এক যুবক—শুধু শারীরিক প্রতিবন্ধী কোটায় মেডিক্যাল কলেজে (Medical College) ভর্তির সুযোগ পাওয়ার আশায়। ঘটনাটি ঘটেছে জৌনপুরের লাইন বাজার থানা এলাকার অন্তর্গত খলিলপুরে। অভিযুক্ত যুবকের নাম সুরজ ভাস্কর। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। প্রথমদিকে গোটা ঘটনাটিকে রহস্যময় অপরাধের রূপ দিতে চেয়েছিল সুরজ। পুলিশকে সে জানায়, কয়েকদিন ধরে সে হুমকি পাচ্ছিল। ১৮ জানুয়ারি সন্ধ্যায় দু’জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তার বাড়িতে ঢুকে তাকে অচেতন করে দেয় এবং প্রাণে না মেরে বাম পায়ের চারটি আঙুল কেটে নিয়ে পালিয়ে যায়। একই গল্প সে শোনায় তার প্রেমিকাকেও (Uttar Pradesh)।
ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ প্রথমে খুনের চেষ্টার মামলা দায়ের করে তদন্ত শুরু করে। কিন্তু তদন্ত যত এগোয়, ততই একের পর এক অসঙ্গতি সামনে আসতে থাকে। সুরজের বয়ানে বারবার পরিবর্তন লক্ষ্য করেন তদন্তকারীরা। ঘটনাস্থল তল্লাশি করে উদ্ধার হয় সিরিঞ্জ, অ্যানেস্থিটিক ভায়াল এবং ধারালো কাটার যন্ত্র। পাশাপাশি খতিয়ে দেখা হয় তার মোবাইল ফোনের কল রেকর্ড। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সামনে আসে সুরজের ব্যক্তিগত ডায়েরি। সেখানে সে স্পষ্টভাবে লিখেছিল—“যেভাবেই হোক, ২০২৬ সালের মধ্যে এমবিবিএস কোর্সে ভর্তি হতেই হবে।” পুলিশ জানতে পারে, এর আগেও ২০২৫ সালের অক্টোবরে সে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে শারীরিক প্রতিবন্ধী কোটায় ভর্তির চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
পুলিশি জেরার মুখে শেষ পর্যন্ত ভেঙে পড়ে সুরজ এবং স্বীকার করে নেয় ভয়ংকর সত্য। সে জানায়, এমবিবিএস-এ (MBBS admission) আসন পাওয়ার জন্য নিজেই পরিকল্পনা করে নিজের পায়ের আঙুল কেটেছিল। তদন্তে আরও জানা যায়, সুরজের ডি-ফার্মা ডিগ্রি রয়েছে এবং সে দীর্ঘদিন ধরেই মেডিক্যাল এন্ট্রান্স (Medical Entrance) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। পরিবারে মা, দাদা ও বোনের সঙ্গে থাকত সে। দাদা চাকরিজীবী এবং বাড়িতে সংস্কারের কাজ চলছিল। এই ঘটনা শুধু একটি অপরাধের কাহিনি নয়, বরং চিকিৎসা শিক্ষায় প্রবেশের অস্বাস্থ্যকর চাপ, প্রতিযোগিতা এবং মানসিক অবসাদের এক ভয়াবহ প্রতিচ্ছবি।
